একটি আঞ্চলিক রাজনৈতিক দলের হুমকির মুখে তাঁদের অনেক প্রার্থী এলাকাছাড়া। এ ছাড়া তাঁদের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্যও চাপ দেওয়া হচ্ছে।
গতকাল সোমবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং ডিগ্রি কলেজ মিলনায়তনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আচারণবিধি নিয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় আওয়ামী লীগের নেতারা এ অভিযোগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউপি) মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরিফিন, বিজিবির মারিশ্যা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. সামসুম মূহিত, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন ও বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন বলেন, ‘আঞ্চলিক দল জেএসএসের (সন্তু) সন্ত্রাসীরা আমাদের প্রার্থীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। নিরাপত্তার অভাবে অনেক প্রার্থী এলাকাছাড়া। গত রোববার মারিশ্যা ইউনিয়নে আমাদের চেয়ারম্যান পদপ্রার্থীর প্রস্তাবকারী ও সমর্থনকারীকে অপহরণ করা হয়। পরে মুঠোফোন কেড়ে নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য আঞ্চলিক রাজনৈতিক দলের সন্ত্রাসীরা উপজেলা সদরে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছেন।’
জানতে চাইলে সব অভিযোগ অস্বীকার করে জেএসএসের (সন্তু) উপজেলা সভাপতি প্রভাত কুমার চাকমা বলেন, ‘আমাদের দল গণতন্ত্রে বিশ্বাসী। এক প্রার্থীকে চাপ দিয়ে আরেক প্রার্থীকে জয়ী করা ইচ্ছা আমাদের নেই।’
পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বলেন, কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজিবির মারিশ্যা জোনের অধিনায়ক লে. কর্নেল সামসুম মূহিত বলেন, নির্বাচনী আইন লঙ্ঘনকারীদের কঠোরভাবে দমন করা হবে।
জেলা প্রশাসক মো. সামসুল আরিফিন বলেন, যদি কেউ বিশৃঙ্খলা ঘটায়, তাহলে প্রচলিত আইনে তার বিচার করা হবে।