বাঘারপাড়া পৌর আ.লীগে আহ্বায়ক কমিটি দুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রা নদীর তীর ঘেঁষে যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। ছাদের ওপরে দুই পাশে দুটি ব্যানার টাঙানো। দুটিতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতাদের ছবি শোভা পাচ্ছে। তবে একটিতে লেখা, ‘মো. আকবর আলী, আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ, বাঘারপাড়া পৌর শাখা।’ অন্যটিতে লেখা, ‘মো. কামরুজ্জামান বাচ্চু, আহ্বায়ক, বাঘারপাড়া পৌর আওয়ামী লীগ।’

পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ নিয়ে বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আকবর আলীর মধ্যে এক বছর ধরে রশি টানাটানি চলছে। এ দ্বন্দ্বেরই খণ্ডচিত্র ব্যানার দুটি।

দলীয় নেতা-কর্মী সূত্রে জানা গেছে, কামরুজ্জামান বাচ্চুকে আহ্বায়ক এবং খান মোশারেফ বিশ্বাস, ফয়সাল আহম্মেদ মিল্টন ও নজরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে ২০১১ সালের ৮ জানুয়ারি বাঘারপাড়া পৌর আওয়ামী লীগের ৩৫ সদস্যের কমিটি গঠিত হয়। কমিটির অনুমোদন দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিৎ কুমার রায় ও সাধারণ সম্পাদক জুলফিক্কার আলী। ওই কমিটি না ভেঙেই ২০১৫ সালের ১ সেপ্টেম্বর আরেকটি ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়। এতে আকবর আলীকে আহ্বায়ক এবং মিজানুর রহমান, আবদুর রশিদ, মুন্সী বাহার উদ্দীন ও সিরাজুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এ কমিটির অনুমোদন দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান সরদার ও সাধারণ সম্পাদক জুলফিক্কার আলী। এরপর ১৬ সেপ্টেম্বর একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জুলফিক্কার বলেন, বাঘারপাড়া আওয়ামী লীগের কোনো সভায় পৌর আওয়ামী লীগের কোনো কমিটি গঠন করা হয়নি।কামরুজ্জামানের আহ্বায়ক দাবির বিষয়টি একেবারেই অর্থহীন। পরদিন ১৭ সেপ্টেম্বর কামরুজ্জামান বাঘারপাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ওই বিজ্ঞপ্তিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন।

কামরুজ্জামান বাচ্চু প্রথম আলোকে বলেন, ‘তখন (২০১১ সালে) সভাপতি ও সাধারণ সম্পাদক একসঙ্গে ছিলেন। দলের সমস্ত কর্মসূচিতে আহ্বায়ক হিসেবে আমিই অংশগ্রহণ করেছি। কিন্তু সভাপতি ও সাধারণ সম্পাদক বর্তমানে ভিন্ন অবস্থানে থাকায় সাধারণ সম্পাদক মিথ্যাচার করছেন।’

আকবর আলী বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এক সম্মেলনে বলেছিলেন, আওয়ামী লীগের কোনো সভায় কামরুজ্জামানকে পৌর কমিটির আহ্বায়ক করা হয়নি। পরবর্তীতে জ্যেষ্ঠ সহসভাপতি (তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি) আতিয়ার রহমান সরদার ও সাধারণ সম্পাদক জুলফিক্কার আমাকে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক করেছেন।’ সভাপতি থাকতে জ্যেষ্ঠ সহসভাপতি কমিটি অনুমোদন দিতে পারেন কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সভাপতি তখন চিকিৎসার জন্য ভারতে ছিলেন। আতিয়ার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে ছিলেন।

নেতা-কর্মীরা বলছেন, আহ্বায়ক নিয়ে এই রশি টানাটানির মাশুল দিতে হচ্ছে তাঁদের। এতে দলীয় কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শচীন্দ্রনাথ বিশ্বাস বলেন, প্রথমে কামরুজ্জামান বাচ্চুকে আহ্বায়ক করে পৌর কমিটি গঠিত হয়েছিল। সে কমিটি ভাঙেনি। এরপর আকবর আলীকে আহ্বায়ক করে কমিটি করা হয়েছে। দুজনই পৌর আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে পরিচয় দিচ্ছেন। এতে নেতা-কর্মীরা বিভ্রান্ত হচ্ছেন। তাঁদের প্রশ্ন, দুজন কীভাবে আহ্বায়ক হন?

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিক্কার আলী প্রথম আলোকে বলেন, ‘আকবর আলীই আহ্বায়ক। আমার সই জাল করে কামরুজ্জামান আহ্বায়ক হয়েছিলেন। সেই কারণে আমরা তাঁকে মানি না।’ এ প্রসঙ্গে কামরুজ্জামান বাচ্চুর ভাষ্য, সাধারণ সম্পাদক আগে ও সভাপতি পরে তাঁর কমিটির অনুমোদনে স্বাক্ষর করেছেন। তাঁর স্বাক্ষর জাল করার প্রশ্নই ওঠে না। সভাপতি থাকতে জ্যেষ্ঠ সহসভাপতি কমিটি অনুমোদন দিতে পারেন কি না, এ প্রশ্নের জবাবে জুলফিক্কার বলেন, সভাপতি ওই সময় দেশের বাইরে ছিলেন। তাই ভারপ্রাপ্ত সভাপতি অনুমোদন দিয়েছিলেন।

বক্তব্য জানতে চাইলে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ রণজিৎ কুমার রায় মুঠোফোনে বলেন, পরের কমিটির বিষয়টি তিনি কিছু জানেন না।