‘বাজারে এলে মনে হয় না দেশে সরকার আছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সোনার বাংলা পার্টির মানববন্ধন ও প্রতিবাদ সভা
ছবি: প্রথম আলো

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কাছে জনগণ অসহায় হয়ে পড়েছে। মানুষের আয় বেড়েছে দু-তিন গুণ, ক্রয়ক্ষমতা বেড়েছে—মন্ত্রীরা এমন সব বক্তব্য দিয়ে দরিদ্র মানুষের সঙ্গে তামাশা করেন। জনগণের আয় তিন গুণ বাড়েনি, আয় বেড়েছে সরকারের মন্ত্রী-নেতাদের, যা ৩০০ গুণ।

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সভায় এসব কথা বলেন বক্তারা। এক বক্তা বলেন, মানুষ এখন বলে, বাজারে এলে মনে হয় না দেশে কোনো সরকার আছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোনার বাংলা পার্টি আয়োজিত ওই সভায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের আঁতাতের কারণে পণ্যের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। রাশিয়া–ইউক্রেনের যুদ্ধের অজুহাত, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়ার অজুহাত তুলে সরকার নিজেদের ব্যর্থতা ও সিন্ডিকেটের কারসাজি আড়াল করতে চাইছে। ডাল, পেঁয়াজ ইউক্রেন বা রাশিয়া থেকে আসে না। আর যুদ্ধের প্রভাব বাজারে এত তাড়াতাড়িও পড়বে না। এ ছাড়া সব আন্তর্জাতিক পণ্যেরই দাম বাড়েনি। এ সরকারকে অনির্বাচিত, অবৈধ উল্লেখ করে বক্তারা জনগণের হাতে ভোটাধিকার তুলে দেওয়ার দাবি জানান। সরকারের বিরুদ্ধে সবাইকে সম্মিলিত আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এ সরকার দেশ চালাতে পারছে না। মানুষ এখন বলা শুরু করেছে, বাজারে এলে মনে হয় না, দেশে কোনো সরকার আছে। বাজার নজরদারির কোনো কার্যক্রম নেই সরকারের। তিনি বলেন, ‘মন্ত্রী ও সরকারি নেতাদের কথা শুনলে লোকজন লজ্জা পায়। এক মন্ত্রী বলেন, মানুষের আয় বেড়েছে তিন গুণ, ক্রয়ক্ষমতা বেড়েছে। এ কথাকে সংশোধন করে মন্ত্রী, নেতাদের উদ্দেশে বলতে চাই, সাধারণ মানুষের নয়, আপনাদের আয় বেড়েছে। আর তা বেড়েছে ৩০০ গুণ।’ তিনি আরও বলেন, রাশিয়া–ইউক্রেনের যুদ্ধের প্রভাব পণ্যের ওপর আরও এক মাস পর পড়বে। তা–ও সব পণ্যের মূল্য বাড়ার কথা নয়। এখন সিন্ডিকেট সরকারের সঙ্গে আঁতাত করে দাম বাড়িয়েছে।’

সভায় বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া বলেন, সরকার যে গড় আয় বাড়ার কথা বলে, সেটা সাধারণ মানুষের আয় নয়। প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত আয়ের অর্থ। আয় ৩ গুণ বাড়লে জিনিসপত্রের দাম বেড়েছে ১০ গুণ। এ সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে গণ–আন্দোলন ও গণ–অভ্যুত্থান গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টির চেয়ারম্যান ইয়াছির আখতার সরকারের উদ্দেশে বলেন, ‘পবিত্র রমজানের আগে জিনিসপত্রের লাগাম টেনে ধরুন। জনগণকে শান্তিতে থাকতে দিন।’

স্বদেশী গণতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া বলেন, মানুষ এখন খাবারের জন্য রাস্তায়। পণ্য কিনতে ট্রাকের পেছনে দাঁড়াচ্ছে। পণ্যের দাম বাড়ানোর পেছনে একশ্রেণির ব্যবসায়ী সিন্ডিকেট দায়ী। সরকারের সঙ্গে ওই সিন্ডিকেট জড়িত।

সভা সঞ্চালনা করেন সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন–অর–রশিদ।