বাজেট অবাস্তব, বলল জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘অবাস্তব ও জনগণের খরচ বাড়ানোর বাজেট’ বলে আখ্যায়িত করেছে জামায়াতে ইসলামী।

আজ শনিবার এক বিবৃতিতে জামায়াতের আমির মকবুল আহমাদ বাজেট নিয়ে দলের এই প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে বলা হয়, ব্যাংকঋণ ও বিদেশি সাহায্যনির্ভর এ বিশাল বাজেট নির্বাচনী বৈতরণি পার হওয়ার জন্য পেশ করা হলেও বর্তমান সরকারের পক্ষে এ বাজেট বাস্তবায়ন করা সম্ভব হবে না। বিদেশে অর্থ পাচার ঠেকানোর কোনো নির্দেশনা এ বাজেটে নেই। অন্যদিকে সরকার ১৫ শতাংশ ভ্যাট আরোপ করে দরিদ্র লোকদের শোষণ করে তাদের আরও দরিদ্রতার দিকে ঠেলে দেওয়ার পাকাপোক্ত ব্যবস্থা করেছে। অধিক পরিমাণ ভ্যাট আরোপ করার কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আরও বাড়বে। সেই সঙ্গে মুদ্রাস্ফীতিও বাড়বে।
জামায়াতের আমির বলেন, ব্যাংকে কারও ১ লাখ টাকা জমা থাকলে সেখান থেকে সরকারকে ৮০০ টাকা আবগারি শুল্ক দিতে হবে। সরকারের এ নীতি সঞ্চয়বিরোধী। এ নীতি বাতিল করা উচিত। রপ্তানিকারকদের ৪৩ শতাংশ বাড়তি কর দিতে হবে এবং উৎসে করও বাড়ছে। তাই ব্যবসায়ীরা মনে করেন, প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব নয়। জামায়াতে ইসলামী ভ্যাট আরও কমিয়ে ব্যাংকে রাখা ১ লাখ টাকার ওপর আরোপিত ৮০০ টাকা আবগারি শুল্ক প্রত্যাহার, করমুক্ত আয়সীমা আরও বাড়ানোর দাবা জানিয়েছে।