বাজেট উন্নয়ন অভিলাষী: ওয়ার্কার্স পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেটকে উন্নয়ন অভিলাষী আখ্যা দিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতারা সরকারকে ঘুষ, দুর্নীতি ও আর্থিক খাতের লুটপাট দমন করার আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে ওয়ার্কার্স পার্টির নেতারা এই আহ্বান জানান বলে দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে ওয়ার্কার্স পার্টির নেতারা বলেন, সমাজে ধনী-দরিদ্রের বৈষম্য চরম পর্যায়ে পৌঁছেছে। এই বৈষম্য দূর করতে না পারলে সামাজিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে। পবিত্র রমজান এলেই অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেন। এ ব্যাপারে সরকারকে কঠোর অবস্থান গ্রহণ করতে আহ্বান জানান নেতারা।
বক্তারা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দ্বিগুণ করা হয়েছে। অথচ বাজেটে শ্রমিক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন কমিশন গঠনের কোনো উদ্যোগ নেই। এতে করে শ্রমিক-কর্মচারীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। শ্রমিক-কর্মচারীদের জন্য জাতীয় মজুরি কমিশন গঠনের আহ্বান জানিয়ে ২১ রোজার আগে সব শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা পরিশোধের দাবি জানান বক্তারা।
ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর শাখার সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরোর সদস্য নুর আহমদ বকুল, কামরুল আহসান, টিপু সুলতান প্রমুখ বক্তব্য দেন।