বাজেট জনকল্যাণে ভূমিকা রাখবে না, মন্তব্য রওশনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

প্রস্তাবিত বাজেট জনকল্যাণে ভূমিকা রাখবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। আজ মঙ্গলবার সংসদের মিডিয়া সেন্টারে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পর্যালোচনা করে রওশন এরশাদ এ মন্তব্য করেন।
রওশন এরশাদ বলেন, বাজেটের কিছু কিছু দিক ভালো। আবার কিছু বিষয় মানুষকে হতাশ করেছে। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ ধরা হয়েছে। এর জন্য দরকার দেশি ও বিদেশি বিনিয়োগ। কিন্তু বিদেশি বিনিয়োগ কোথায়? বিনিয়োগ না থাকলে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কীভাবে অর্জিত হবে? বাজেটে যে ঘাটতি রয়েছে সেটা কীভাবে পূরণ হবে, সে বিষয়ে কিছু বলা হয়নি।
রওশন এরশাদ বলেন, অবকাঠামো উন্নয়ন না হলে বিনিয়োগ হবে না। বিনিয়োগ বোর্ডে ফাইল গেলে পড়ে থাকে, নড়ে না। এ জন্য বিনিয়োগকারীরা হতাশ হয়ে চলে যান। গ্যাস-বিদ্যুতের উন্নয়ন হয়নি। বিনিয়োগ কীভাবে হবে? মোবাইলে কর ধরা হয়েছে। দেশের সাধারণ মানুষ মোবাইলে যোগাযোগ করে। এ করটা না ধরলে কি হতো?
বিরোধী দলীয় নেতা আরও বলেন, চার কোটি লোক দারিদ্র্যসীমার নিচে। এদের সম্পর্কে বাজেটে কিছু নেই। কর্মসংস্থানের নির্দেশনা নেই। কর্মসংস্থান না হলে মানুষতো সমুদ্র পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে যাবেই। কাজ নেই বলেই ওমরা ভিসা নিয়ে সৌদি আরব গিয়ে আর ফেরে না। তিনি আরও বলেন, সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল ঘোষণা করা হয়েছে। তাঁদের বেতন বাড়ার সঙ্গে সঙ্গে জিনিসের দাম বেড়ে যাবে। ভুক্তভোগী হবে জনগণ। এ বিষয়ে প্রস্তাবিত বাজেটে কোনো নির্দেশনা নেই। 

সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, কাজী ফিরোজ রশীদ, রুহুল আমিন হাওলাদার ও ফখরুল ইমাম উপস্থিত ছিলেন।