বাজেটের প্রতিবাদে কাল জামায়াতের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেটকে জনগণের স্বার্থবিরোধী আখ্যা দিয়ে এর প্রতিবাদে আগামীকাল রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন।
এবার বাজেট ঘোষণার পর এখন পর্যন্ত এ নিয়ে কোনো কর্মসূচি দেয়নি বিএনপি। তাদের জোটের শরিক দল জামায়াতে ইসলামী বাজেট ঘোষণার ২৩ দিন পর এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিল।
জামায়াতের বিবৃতিতে বলা হয়, সরকার চলতি ২০১৫-১৬ সালের জন্য যে জাতীয় বাজেট ঘোষণা করেছে, তা জনগণের স্বার্থবিরোধী। এ বাজেটে সরকারি দলের লোকদের ও সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের তুষ্ট করার চেষ্টা করা হয়েছে। এ বাজেটে সাধারণ জনগণের স্বার্থ উপেক্ষা করা হয়েছে। ঘোষিত বাজেট একটি ঘাটতি বাজেট ও ঋণনির্ভর। সরকার বিশাল অঙ্কের বাজেট ঘোষণা করলেও তা বাস্তবায়নের কোনো দিক নির্দেশনা নেই। দেশের বর্তমান নাজুক অর্থনৈতিক অবস্থায় এ বাজেট বাস্তবায়ন করা সরকারের পক্ষে সম্ভব নয়।