বাজেটের সমালোচনায় বিভিন্ন রাজনৈতিক দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক প্রতিক্রিয়ায় প্রস্তাবিত বাজেটের কড়া সমালোচনা করেছে বিভিন্ন রাজনৈতিক দল। বাজেট প্রতিক্রিয়া জানিয়ে গতকাল শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে বিভিন্ন দল।
এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বাজেট প্রস্তাবকে গতানুগতিক এবং সাম্রাজ্যবাদ ও লুটেরা ধনিক শ্রেণির স্বার্থ রক্ষার গণবিরোধী দলিল হিসেবে আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছেন। সিপিবির নেতারা বলেন, এটা স্পষ্ট যে বাজেটের আসল লক্ষ্য হলো জনগণের ট্যাক্সের টাকায় দেশি-বিদেশি লুটপাটকারীদের পকেট ভারী করা।
পৃথক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, বাজেটের রাজনৈতিক দর্শন মুক্তিযুদ্ধের চেতনা-আকাঙ্ক্ষার পরিপন্থী।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান পৃথক বিবৃতিতে বলেছেন, বাজেট বাস্তবায়নই এই বাজেটের বড় চ্যালেঞ্জ। সম্পদ আহরণের যে খাত উল্লেখ করা হয়েছে, তাতে বিগত বছরগুলোর মতো এ বছরেও লক্ষ্যমাত্রা অর্জিত হবে কি না, সন্দেহ।