বাঞ্ছারামপুরে নয় ইউপিতে আ.লীগের প্রার্থী বাছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নয়জনকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাছাই করা হয়েছে। কিন্তু পছন্দের প্রার্থী মনোনয়ন না পাওয়ায় আওয়ামী লীগের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। গত শুক্রবার কেন্দ্র প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে।
বাছাই করা প্রার্থীরা হলেন তেজখালী ইউনিয়নে তাজুল ইসলাম, পাহাড়িয়াকান্দি ইউনিয়নে মো. গাজীউর রহমান, সোনারামপুর ইউনিয়নে মো. শাহীন, দরিকান্দি ইউনিয়নে সফিকুল ইসলাম, মানিকপুর ইউনিয়নে আবদুর রহিম, ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে আমিনুল ইসলাম, ফরদাবাদ ইউনিয়নে মহিউদ্দিন আহাম্মেদ সেলিম, রূপসদীতে মো. ফিরোজ মিয়া, ছলিমাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মতিন।
উপজেলা আওয়ামী লীগের কার্যালয় সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিতে গত সোমবার উপজেলা পরিষদের মিলনায়তনে কাউন্সিলের আয়োজন করে আওয়ামী লীগ। উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে ৯ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে দুপুর ১২টা থেকে প্রার্থী বাছাইয়ে পৃথক কাউন্সিল অনুষ্ঠিত হয়। প্রার্থী বাছাইয়ে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির সম্পাদকদের গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হয়।
ছলিমাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. রুস্তম আলম বলেন, ‘জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের ভোটে প্রার্থী বাছাই করার কথা; কিন্তু তা না করে শুধু ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদকদের ভোটে প্রার্থী বাছাই করা হয়েছে। এটি দলের কেন্দ্রের সিদ্ধান্তের পরিপন্থী এ জন্য প্রতিকার চেয়ে নির্বাচন কমিটির বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছি। ছলিমাবাদ ইউনিয়নের ১১ জন মনোনয়নপ্রত্যাশীর মধ্যে ৯ জনই এই প্রক্রিয়া প্রত্যাখ্যান করেছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম দাবি করেন, ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির ভোটে প্রার্থী নির্বাচন একটি সঠিক প্রক্রিয়া। প্রার্থী বাছাইয়ে এর চেয়ে ভালো কোনো প্রক্রিয়া আমাদের জানা নাই।’