বাড়ি ফিরলেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’। ছবিটি আজ বেলা ১১টার দিকে তোলা। ছবি: কমল জোহা খান
খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’। ছবিটি আজ বেলা ১১টার দিকে তোলা। ছবি: কমল জোহা খান

অবশেষে গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়ে আদালত থেকে আজ রোববার দুপুর ১২টা ২০ মিনিটে বাড়িতে ঢোকেন তিনি।

আজ সকালে এ দুই মামলায় হাজির হতে তিন মাস পর কার্যাল​য় থেকে বের হন বিএনপির চেয়ারপারসন। সকাল ১০টা ৩৫ মিনিটে পেঁৗছান রাজধানীর বকশিবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে। শুনানি শেষে আদালত মামলা দুটিতে তাঁর জামিন মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য ৫ মে তারিখ ধার্য করেন। এ দুই মামলায় কয়েক মাস ধরে আদালতে হাজির না হওয়ায় বিচারক গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গত ৩ জানুয়ারি রাত থেকে খালেদা জিয়া গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছিলেন। ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের বর্ষপূর্তির দিনে রাজধানী ঢাকায় সমাবেশ কর্মসূচিকে ঘিরে ওই রাত থেকে তাঁকে কার্যালয়ে অবরুদ্ধ করে তালা মেরে দেওয়া হয়। এরপর ১৯ জানুয়ারি থেকে অবরোধমুক্ত করা হলেও তিনি আর কার্যালয় থেকে বের হননি। ৩ জানুয়ারির পর আজই প্রথম কার্যালয় থেকে বের হয়ে আদালতে যান খালেদা জিয়া। সেখান থেকে যান ‘ফিরোজায়’।

আদালত থেকে খালেদা জিয়া আবার গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে, নিজ বাসভবনে, নাকি নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যাবেন, তা নিয়ে কয়েক দিন ধরে দলের নেতা-কর্মীদের মধ্যে নানা গুঞ্জন ছিল।

তবে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গতকাল শনিবার প্রথম আলোকে জানিয়েছিলেন, জামিন মঞ্জুর হলে আদালত থেকে বাসভবনে ফিরবেন খালেদা জিয়া।

আজ সকাল থেকে চেয়ারপারসনের নিরাপত্তার কাজে নিয়োজিত বাহিনীর (সিএসএফ) সদস্যরা গুলশানের কার্যালয়ের ভেতর থেকে দফায় দফায় মালপত্র বের করেন। ছোট-বড় অনেক ব্যাগে করে বের করা ওই মালপত্র ‘ফিরোজায়’ নিয়ে যাওয়া হয়। সিএসএফের সদস্যরা কখনো হেঁটে কখনো গাড়িতে করে ব্যাগগুলো নিয়ে যান।

বেলা ১১টার দিকে ‘ফিরোজায়’ গিয়ে দেখা যায় ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। সিএসএফের এক সদস্য বাসভবনের সামনের ডালপালা ও সিসিটিভি ক্যামেরা পরিষ্কার করছিলেন। জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ ভাই, সব গোছাচ্ছি।’