বাণিজ্য রমরমা করতে সাধারণ মানুষ আটক: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

সাঁড়াশি অভিযানে প্রকৃত জঙ্গিদের ধরা হচ্ছে, না ভুতুড়ে জঙ্গিদের ধরা হচ্ছে—এই প্রশ্ন রেখেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, ঈদের আগে পুলিশের গ্রেপ্তার-বাণিজ্য আরও রমরমা করতে সাধারণ মানুষকে আটক করা হচ্ছে বলে মানুষ বিশ্বাস করে।
আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, জঙ্গিবিরোধী চলমান অভিযান উদ্দেশ্যপ্রণোদিত। এই অভিযান সারা দেশের মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে। প্রকৃত দুষ্কৃতকারীদের ধরা নয়, দেশ ও বিশ্বের মানুষকে বিভ্রান্ত করাই এই অভিযানে মুখ্য উদ্দেশ্য। এখন পর্যন্ত আড়াই হাজারের বেশি বিএনপির নেতা-কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।
রিজভী দাবি করেন, দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে প্রায় ৫০ হাজারের বেশি মানুষ বাস করছে। আটক হওয়া ব্যক্তিরা সেখানে মানবেতর জীবন যাপন করছেন। শৌচাগারে যাওয়ার প্রতিযোগিতায় একজন আরেকজনের মাথা ফাটাচ্ছেন।
রিজভী বলেন, এখন পর্যন্ত বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত জঙ্গিরা গ্রেপ্তার হয়েছে বলে কারও জানা নেই। পুলিশ দেড় শর কাছাকাছি সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তার করেছে বলে জানালেও প্রকৃত অপরাধ সংঘটনকারীদের ধরতে পেরেছে কি না, তা নিশ্চিত করতে পারেনি।