‘গত দুই বছর নগরের উন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে গিয়ে বিভিন্ন মহল থেকে নানা ধরনের হুমকি-ধমকি ও বাধা এসেছে, কিন্তু তাদের কাছে নতি স্বীকার করিনি। বরং চ্যালেঞ্জ নিয়ে গুলিস্তান, পল্টন, মতিঝিল, দিলকুশা, নিউমার্কেট ও নীলক্ষেতের ফুটপাত পথচারীবান্ধব করেছি।’
গতকাল শনিবার বেলা ১১টায় নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
ডিএসসিসির মেয়র হিসেবে সাঈদ খোকনের শপথ নেওয়ার দুই বছর উপলক্ষে ‘এগিয়ে যাচ্ছে দক্ষিণ ঢাকা’ শিরোনামে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সাঈদ খোকন বলেন, ‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল গুলিস্তান, পল্টন, মতিঝিল ও নিউমার্কেট এলাকার ফুটপাত দখলমুক্ত করা। অভিযানের শুরুতে অনেকের মনেই এর সফলতা নিয়ে সংশয় ছিল। আমরা চ্যালেঞ্জ মোকাবিলায় শতভাগ সফল হয়েছি। এখন স্বচ্ছন্দে চলাচল করছেন পথচারীরা। নগরবাসীর মনে এই বিশ্বাস জমেছে যে আমরা পারব।’
মেয়র আরও বলেন, ‘ডিএসসিসি এগিয়ে যাচ্ছে। এতে নগরে পরিবর্তনের সূচনা হয়েছে। নানা ধরনের পরিবর্তন দৃশ্যমান হতে শুরু করেছে। যত দিন যাবে, এই পরিবর্তন তত দৃশ্যমান হবে। সবার সহযোগিতায় ঢাকাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর নগর হিসেবে গড়ে তুলব।’
সংবাদ সম্মেলনে সাঈদ খোকন বলেন, ‘আমি যখন মেয়র হিসেবে দায়িত্ব নিই, তখন শহরের রাস্তাঘাট ভাঙাচোরা ছিল। বর্জ্য ব্যবস্থাপনাও ভেঙে পড়েছিল। সড়কবাতির অবস্থা ছিল অত্যন্ত নাজুক। মশক নিধনের ওষুধ ছিল না বললেই চলে। এ ছাড়া বিল বকেয়া থাকায় নগর ভবনের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করার উপক্রম হয়েছিল। এমন একটি প্রেক্ষাপটে আমি দায়িত্ব নিই।’
শান্তিনগর এলাকার জলাবদ্ধতার বিষয়ে মেয়র বলেন, ‘একসময় শান্তিনগর এলাকায় হাঁটুসমান জলাবদ্ধতা হতো। এলাকাবাসী অবর্ণনীয় কষ্ট ভোগ করত। এ অবস্থা নিরসনে শান্তিনগরে নর্দমা নির্মাণে একটি বড় প্রকল্প গ্রহণ করেছি। আগামী জুলাই মাসে প্রকল্পের কাজ শেষ হলে আগস্ট মাস থেকে শান্তিনগর এলাকায় জলাবদ্ধতা হবে না।’
সংবাদ সম্মেলনে ডিএসসিসির বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন মেয়র। এ সময় অন্যান্যের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল ও সচিব রেজাউল করিম উপস্থিত ছিলেন।