আওয়ামী লীগের নেতা-কর্মীদের ‘বাধার মুখে’ এবং ‘মারধরের’ শিকার হয়ে কুমিল্লার চান্দিনা ও মনোহরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৭ জন চেয়ারম্যান পদপ্রার্থী গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা সবাই আওয়ামী লীগের ‘বিদ্রোহী’, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুল মমিন প্রথম আলোকে বলেন, এদের মধ্যে চান্দিনায় চেয়ারম্যান পদে ১১ জন ও মনোহরগঞ্জে চেয়ারম্যান পদে ছয়জন এবং সাধারণ সদস্য পদে একজন প্রার্থী রয়েছেন।
ভুক্তভোগী ও দলীয় সূত্রে জানা গেছে, চান্দিনার গল্লাই ইউপিতে রেলমন্ত্রী মো. মুজিবুল হকের স্ত্রীর বড় ভাই মো. আলাউদ্দিন আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত বুধবার বিকেল চারটার দিকে মনোনয়নপত্র জমা দিতে উপজেলা কার্যালয়ে যান। এ সময়ে তাঁকে মারধর করা হয়। মাইজখার ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনিও ভয়ে মনোনয়নপত্র জমা দিতে চান্দিনায় যাননি। পরে তাঁরা গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এই উপজেলায় গল্লাই ইউপিতে মো. মোয়াজ্জেম হোসেন, বাড়েরা ইউপিতে মো. তৈয়ব আলী, মো. আহসান হাবীব ভূঞা, মো. জালাল উদ্দিন, বরকইট ইউপিতে মো. আবুল বাশার, মহিচাইল ইউপিতে মো. কামরুল হাসান ভূঁইয়া, মাইজখার ইউপিতে মো. রফিকুল ইসলাম ভূঁইয়া, মাধাইয়া ইউপিতে মো. অহিদ উল্লাহ ও কেরনখাল ইউপিতে মো. শামছুল আলম গতকাল মনোনয়নপত্র জমা দেন।
জানতে চাইলে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, ‘কয়েকজন চেয়ারম্যান প্রার্থী ও তাঁদের অনুসারীরা আমাকে ফোন করে জানিয়েছিলেন, তাঁরা নিরাপত্তাজনিত কারণে চান্দিনায় মনোনয়নপত্র জমা দিতে পারছেন না। আমরা তাঁদের পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দিই। এরপরও তাঁরা আসেননি।’
এদিকে মনোহরগঞ্জের ঝলম দক্ষিণ ইউপিতে জাতীয় পার্টির চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহ আলম মোল্লা গতকাল সকাল ১০টার দিকে মনোনয়নপত্র জমা দিতে উপজেলা কমপ্লেক্সে ঢোকেন। এ সময় গণমাধ্যমের কর্মীদের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের একজন কর্মী তাঁকে মারধর করে মনোনয়নপত্র ও মুঠোফোন ছিনিয়ে নেন। পরে তাঁরা জাতীয় পার্টির নেতাদের নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ করেন। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। একই ইউপির বিএনপির প্রার্থী মো. আবুল বাশার ভয়ে উপজেলা কমপ্লেক্সেই যাননি। অন্যদের মধ্যে জেলা কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঝলম দক্ষিণ ইউপির আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ আজিজ বাঙালী, ঝলম উত্তর ইউপিতে মো. আবদুল মজিদ খান, বাইশগাঁও ইউপিতে মোহাম্মদ দেলোয়ার হোসেন ও বিপুলাসার ইউপিতে রাশেদুল ইসলাম। এ ছাড়া ঝলম উত্তর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আবুল কাশেম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোহরগঞ্জ থানার ওসি বিপুল ভট্ট বলেন, ‘আমাদের কাছে কেউ ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ নিয়ে আসেননি।’ কিন্তু তাঁর সামনেই জাতীয় পার্টির ঝলম দক্ষিণ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থীকে মারধর করা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
মনোহরগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য আফরোজা কুসুম বলেন, উপজেলা কমপ্লেক্সের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানে বাধা দিয়েছেন। বাধ্য হয়ে জেলায় এসে তাঁরা মনোনয়নপত্র জমা দেন।
জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, মনোহরগঞ্জ ও চান্দিনা উপজেলায় বেশ কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বাধার সম্মুখীন হন। পরে তাঁদের জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বলা হয়।
জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, যাঁরা নিজ উপজেলায় মনোনয়নপত্র জমা দিতে পারছেন না অথবা অসুবিধা মনে করছেন, তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।