বাধা-বিপত্তির মধ্যে কাউন্সিল করছি: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

দলের ষষ্ঠ জাতীয় সম্মেলনের প্রস্তুতিতে অনেক বাধা-বিপত্তির অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘অনেক বাধা-বিপত্তির মধ্যে ১৯ মার্চ কাউন্সিল করতে যাচ্ছি। এত বাধা-বিপত্তির পরেও অদম্য উৎসাহ ও আগ্রহ নিয়ে বিএনপির তৃণমূল পর্যায় থেকেও কাউন্সিলকে সফল করার চেষ্টা চলছে। সুতরাং কাউন্সিল সফল হবেই।’
আজ বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক দোয়া মাহফিল ও স্মরণসভায় মির্জা ফখরুল ইসলাম এ অভিযোগ করেন। বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খোন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি পরিষদ এ স্মরণসভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, কঠিন পরীক্ষার মধ্য দিয়ে বিএনপি চলছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিএনপিকে নির্মূল করার চেষ্টা চলছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ১২টি মামলা, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ৩১টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। দলের শীর্ষ নেতাদের মধ্যে এমন কেউ নেই, যাঁদের নামে ১০ থেকে ৯০টির অধিক মামলা নেই। গ্রাম ও ইউনিয়ন পর্যায়েও নেতাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার, হামলা, নির্যাতন ও হত্যা করে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা চালানো হচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, বিএনপিকে যতবারই ধ্বংস করার চেষ্টা হয়েছে, ততবারই ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়িয়েছে দলটি। সুতরাং এই দলকে নির্মূল কিংবা ধ্বংস করা যাবে না। কারণ বিএনপি জনগণের দল।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘খোন্দকার দেলোয়ার হোসেন আমাদের যে পথ দেখিয়ে গেছেন, সে পথ অনুসরণ করব। কেড়ে নেওয়া মৌলিক ও ভোটের অধিকারকে ফিরিয়ে আনতে আপসহীন থেকে সংগ্রাম অব্যাহত রাখব।’
কবি আল মুজাহিদীর সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান প্রমুখ।