কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক এইচ এন এম শফিকুর রহমানের অনুসারীদের বাধা সত্ত্বেও জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সভা করেছেন বর্তমান আহ্বায়ক ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের জাতীয় পার্টির সাংসদ নূরুল ইসলাম (মিলন)। গতকাল রোববার বিকেল চারটায় কুমিল্লা নগরের কান্দিরপাড়ের টাউন হলের মুক্তিযুদ্ধ কর্নারে ওই সভা হয়।
সভায় সাংসদ নূরুল ইসলাম বলেন, আগামী মে মাসের মধ্যে কুমিল্লার নয়টি উপজেলা ও কুমিল্লা মহানগর কমিটি গঠন করা হবে। একই সঙ্গে এপ্রিল মাসে দলের বর্ধিত সভা করা হবে। জুন মাসের মধ্যে পূর্ণাঙ্গ সব কমিটি গঠন করা হবে।
এর আগে বেলা তিনটায় টাউন হল প্রাঙ্গণে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক এইচ এন এম শফিকুর রহমানের অনুসারী অন্তত ৩০ জন জড়ো হন। তাঁরা বর্তমান আহ্বায়ককে কোনো অবস্থাতেই সভা করতে দেবেন না বলে অটল থাকেন। পরে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়। এরপর সাংসদ প্রস্তুতি কমিটির সভা করেন।
জানতে চাইলে এইচ এন এম শফিকুর রহমানের অনুসারী কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সাবেক সদস্যসচিব ওবায়েদুল কবীর মোহন ও সদস্য ছারওয়ার-ই-মুন্সী বলেন, ‘আমরা এখানে সভা করার জন্য অনুমতি নিয়েছি। কিন্তু সাংসদ মিলন এখানে এসে সভা করার জন্য লোক জড়ো করছেন।’