বাধাবিপত্তির মধ্যে কাউন্সিল করতে যাচ্ছি: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের ষষ্ঠ জাতীয় সম্মেলনের প্রস্তুতিতে অনেক বাধাবিপত্তির অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘অনেক বাধাবিপত্তির মধ্যে ১৯ মার্চ কাউন্সিল করতে যাচ্ছি। এত বাধাবিপত্তির পরও অদম্য উৎসাহ ও আগ্রহ নিয়ে বিএনপির তৃণমূল পর্যায় থেকেও কাউন্সিলকে সফল করার চেষ্টা চলছে। কাউন্সিল সফল হবেই।’
গতকাল বুধবার বিকেলে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভায় মির্জা ফখরুল এ অভিযোগ করেন। পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে খোন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি পরিষদ এর আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, কঠিন পরীক্ষার মধ্য দিয়ে বিএনপি চলছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিএনপিকে নির্মূল করার চেষ্টা চলছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ১২টি মামলা, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ৩১টি মামলা দেওয়া হয়েছে। দলের শীর্ষ নেতাদের মধ্যে এমন কেউ নেই, যাঁদের নামে ১০ থেকে ৯০টির অধিক মামলা নেই। গ্রাম ও ইউনিয়ন পর্যায়েও নেতাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার, হামলা, নির্যাতন ও হত্যা করে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা চালানো হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, ‘খোন্দকার দেলোয়ার হোসেন আমাদের যে পথ দেখিয়ে গেছেন, সে পথ অনুসরণ করব। কেড়ে নেওয়া মৌলিক ও ভোটের অধিকারকে ফিরিয়ে আনতে আপসহীন সংগ্রাম অব্যাহত রাখব।’