বানারীপাড়ায় নতুন করে ভোট গ্রহণের দাবি বিএনপি প্রার্থীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ বন্ধ করে নতুন করে ভোট নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী গোলাম মাহমুদ। তিনি দাবি করেন, আজ সকাল থেকে পৌরসভার নয়টি ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থীর ক্যাডার বাহিনী কেন্দ্র থেকে তাঁর নির্বাচনী এজেন্টদের বের করে দিয়েছে।
এ ছাড়া ভোটারদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে ব্যালট ছিনিয়ে নিয়ে যাচ্ছে। আজ দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
রিটার্নিং কর্মকর্তা সাইয়েদ এজেড মোর্শেদ আলী বলেন, এ রকম কোনো লিখিত অভিযোগ তিনি পাননি। তবে যেসব কেন্দ্র থেকে তাঁর (বিএনপি প্রার্থী) নির্বাচনী এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এসেছিল, তিনি আবার সেই কেন্দ্রগুলোতে নির্বাচনী এজেন্টদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।