বান্দরবানে ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক লীগের ২১ নেতা-কর্মী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের জেলা আওয়ামী লীগের সভায় দলের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ এবং সহযোগী সংগঠন যুব ও স্বেচ্ছাসেবক লীগের ২১ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। গত সোমবার রাতে জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। গত ৬ জুন ছাত্রলীগের জেলা সম্মেলনে মন্ত্রী ও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে হামলার অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতারা জানান।
এ বিষয়ে বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা মারমা প্রথম আলোকে বলেন, দলে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে সহ্য করা হবে না।
তবে নাম না প্রকাশের শর্তে আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেছেন, হামলার ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে। এ ছাড়া ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের জেলা আওয়ামী লীগের সভায় বহিষ্কারের বিষয়টি সংগঠনের গঠনতন্ত্রের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এর মাধ্যমে প্রকৃত ঘটনাকে আড়াল করে হামলার ইন্ধনদাতাদের রক্ষার চেষ্টা চলছে।
আওয়ামী লীগের নেতারা জানান, বহিষ্কার হওয়া নেতাদের মধ্যে হামলার ঘটনায় করা মামলায় কারাগারে রয়েছেন বান্দরবান কলেজছাত্র লীগের সাধারণ সম্পাদক আহসানুল আলম, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাপ্পি মল্লিকসহ সাতজন।