বান্দরবানে ছাত্রদলে পাল্টাপাল্টি বহিষ্কার
বান্দরবানে জেলা ছাত্রদলে পাল্টাপাল্টি বহিষ্কার নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
গতকাল সোমবার জেলা সভাপতি সাবেকুর রহমান ও দপ্তর সম্পাদক ফরহাদ হোসেনের বিবৃতিতে বলা হয়, ‘গঠনতন্ত্রের পরিপন্থী কাজের দায়ে’ জেলা ছাত্রদলের সহসভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক দৌলত কবির খানকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এই বিবৃতির কয়েক ঘণ্টা পর আরেক বিবৃতিতে হাবিবুর রহমান ও দৌলত কবির পক্ষ জেলা সভাপতি সাবেকুর রহমানকে সভাপতির পদ থেকে বহিষ্কারের ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, সাবেকুর রহমান আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করেন। এতে তিনি সরকারবিরোধী আন্দোলন থেকে দূরে থাকেন এবং সরকারি দলের কাছে বিএনপি-ছাত্রদলের গোপন তথ্য পাচার করেন। এ জন্য তাঁকে ছাত্রদলের জেলা সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা ছাত্রদলের বেশ কয়েকজন নেতা-কর্মী বলেন, সংগঠনে আধিপত্য বিস্তার নিয়ে কয়েক দিন ধরে জেলা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
হাবিবুর রহমান ও দৌলত কবির খান বলেন, ছাত্রদল সভাপতি সাবেকুর রহমান সব সময় সরকারি দলের সঙ্গে আঁতাত করে চলেন। এ জন্য তাঁর বিরুদ্ধে জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখা থেকে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে।
সাবেকুর রহমান বলেন, তিনি ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা নিয়ে সংগঠন ও সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। এরই অংশ হিসেবে হাবিব ও দৌলতকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।