
দুই যুগেরও বেশি সময় ধরে নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির সভাপতির পদে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। গত শুক্রবার বিকেলে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামে নিজ বাড়িতে দলের বর্ধিত সভা ডেকে তিনি পদ ছাড়ার ঘোষণা দেন। কিন্তু সভাপতির পদটি তাঁর পরিবারেরই মধ্যেই রয়ে গেছে। নতুন সভাপতি করা হয়েছে তাঁর মেয়ে তামান্না ফারুককে।
তামান্নাকে উপজেলা কমিটির সভাপতি করা নিয়ে দলের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা মনে করছেন এর মধ্য দিয়ে উপজেলা বিএনপিতে পরিবারতন্ত্র কায়েম হলো। তবে কেউ নাম উদ্ধৃত হয়ে কথা বলতে চাননি। এবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতেও দলের জ্যেষ্ঠ নেতাদের স্ত্রী, ছেলেমেয়েদের অনেকে জায়গা পেয়েছেন।
বিএনপির সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী এক নেতা একটির বেশি পদে থাকতে পারবেন না। জয়নুল আবদিন ফারুক বিএনপির নতুন কেন্দ্রীয় কমিটিতে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হয়েছেন। এর আগে তিনি ছিলেন প্রচার সম্পাদক। একই সঙ্গে তিনি ১৯৯১ সাল থেকে সেনবাগ উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বেও ছিলেন।
মেয়েকে উপজেলা বিএনপির সভাপতির পদে বসানো নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে শুরু হওয়া প্রতিক্রিয়ার বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন জয়নুল আবদিন ফারুক। তিনি প্রথম আলোকে বলেন, ‘কোথায় কে কী বলেছে সেটা তোমার (প্রতিবেদক) ব্যাপার। আমি এ বিষয়ে তোমার মতো সাংবাদিকের সঙ্গে কোনো কথা বলব না’ বলে ফোন কেটে দেন তিনি।
দলীয় সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে বর্ধিত সভার শুরুতে তিনি (ফারুক) বর্ধিত সভা ডাকার কারণ ব্যাখ্যা করে বক্তব্য দেন। তিনি দলের গঠনতন্ত্র অনুসারে দুটি পদের একটি ছাড়ার ইঙ্গিত দেন। এরপর কয়েকজন তাঁকে এই পদ (সভাপতি) না ছাড়ার অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন। এ পর্যায়ে তিনি মাইক নিয়ে উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন এবং নতুন সভাপতি নির্বাচনের বিষয়ে মতামত দেওয়ার জন্য আহ্বান জানান।
সূত্র জানায়, ওই ঘোষণার পর উপজেলা বিএনপির প্রায় ২০ জন নেতা বক্তব্য রাখেন। তাঁরা সবাই তামান্না ফারুকের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করেন। গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত সম্মেলনে তাঁকে উপজেলা বিএনপির সদস্য করেছিলেন জয়নুল আবদিন ফারুক।
জানতে চাইলে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘নিয়ম অনুযায়ী সভাপতি পদত্যাগ করলে আমারই সভাপতি হওয়ার কথা। কিন্তু বৈঠকে উপস্থিত নেতারা তামান্না ফারুকের নাম প্রস্তাব করেন। তাই আমিও দ্বিমত করিনি। করলে কেবল ঝামেলাই বাধত।’
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী বলেন, দলের গঠনতন্ত্র মেনেই বর্ধিত সভার মাধ্যমে নতুন সভাপতি নির্বাচন করা হয়েছে। কাউন্সিলররা যাঁর নাম প্রস্তাব করেছেন তাঁকেই মনোনীত করা হয়েছে।
বর্ধিত সভার প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ এ বিষয়ে বলেন, প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে তামান্না ফারুককে সভাপতি নির্বাচিত করা হয়েছে। এ নিয়ে তাৎক্ষণিক কাউকে কোনো প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়নি।