বাম মোর্চার বিক্ষোভ
রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধান করে মানুষের জন্য গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে ১৩ ফেব্রুয়ারি সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা সাড়ে তিনটায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের এক সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় নেতারা দেশে অব্যাহত সহিংস পরিস্থিতিতে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি, অর্থনীতির বিপর্যস্ত দশা ও রাষ্ট্রীয় সন্ত্রাস বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। নেতারা বলেন, রাজনৈতিক সংকট সমাধানের উদ্যোগ না নিয়ে শুধু আইনশৃঙ্খলা-ব্যবস্থা নিলে পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। উপরন্তু, দেশ স্থায়ী নৈরাজ্যের দিকে যাবে। রাজধানীর তোপখানা রোডে বাম মোর্চার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকি।