বাম মোর্চার প্রতি বিএনপির সমবেদনা

রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবিতে গণতান্ত্রিক বাম মোর্চার রোডমার্চে পুলিশের লাঠি পেটার ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপি। এতে আহত কর্মীদের প্রতি সমবেদনাও জানিয়েছে দলটি।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, সম্পূর্ণ জেদের বশে সরকার সুন্দরবনের কাছেই কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত ধরে বসে আছে। তারা এর প্রতিবাদকারীদের দমন-নিপীড়নের মাধ্যমে স্তব্ধ করতে চাইছে। এটা কেবল জনগণের কাছে জবাবদিহিহীন একটি স্বৈরশাসন ব্যবস্থায় সম্ভব। বিএনপি সভা-সমাবেশ-র্যালি-প্রতিবাদ করার সব মাধ্যমকে বলপ্রয়োগের মাধ্যমে অসাংবিধানিক পন্থায় দমন করার কলা-কৌশলের নিন্দা করে।
বিবৃতিতে বলা হয়, সুন্দরবনের কাছে কয়লাভিত্তিক কোনো প্রকল্প গড়ে উঠুক তা বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল, পরিবেশবাদী সংগঠন চায় না। কেননা রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প হলে সুন্দরবন বিপন্ন হবে। বিএনপির পক্ষ থেকে সুন্দরবনের কাছে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে সরে আসার দাবি আহ্বান জানানো হয়।