বার কাউন্সিলের নির্বাচনে আ.লীগ সমর্থিতরা বিজয়ী
আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বিজয়ী হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে বিএনপি ও সমমনা আইনজীবী-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল বলেছে, তারা সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সোমবার এই নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
স্বাধীনতার পর থেকে বার কাউন্সিলের নেতৃত্বে বরাবরই ছিলেন আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা। ২০১২ সালে প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বার কাউন্সিলের নেতৃত্ব পান বিএনপি-সমর্থিত আইনজীবীরা।
গত বুধবার সারা দেশের ৭৭টি কেন্দ্রে এ নির্বাচনের ভোট গ্রহণ হয়। ভোটার ছিলেন ৪৩ হাজার ৩০২ জন। কাউন্সিলের ১৪টি সদস্যপদের জন্য ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিকেল পাঁচটায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর গণনা শুরু হয়।
আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা গতকাল বৃহস্পতিবার জানান, ১৪টি সদস্যপদের মধ্যে তাঁরা ১০টিতে জিতেছেন। এর মধ্যে সাধারণ সদস্যপদে জিতেছেন আবদুল বাসেত মজুমদার, এম আমীর-উল ইসলাম, আবদুল মতিন খসরু ও জেড আই খান পান্না। আর গ্রুপ সদস্যপদে জিতেছেন কাজী মো. নজীবুল্লাহ হিরু (গ্রুপ-এ), এইচ আর জাহিদ আনোয়ার (গ্রুপ-বি), মো. ইব্রাহিম হোসেন চৌধুরী (গ্রুপ-সি), পারভেজ আলম খান (গ্রুপ-ই), মো. ইয়াহিয়া (গ্রুপ-এফ) ও মো. রেজাউল করিম-১ (গ্রুপ-জি)।
আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা বলেন, বাকি চারটি সদস্যপদ পেয়েছেন বিএনপি-সমর্থিত আইনজীবীরা। এর মধ্যে সাধারণ সদস্যপদে জিতেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও এম মাহবুব উদ্দিন খোকন। আর গ্রুপ সদস্যপদে জিতেছেন কাইমুল হক (গ্রুপ-ডি)।
গতকাল দুপুরে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতা আবদুল বাসেত মজুমদার সাংবাদিকদের বলেন, বার কাউন্সিল আইনজীবীদের কল্যাণমূলক প্রতিষ্ঠান। কিন্তু বার কাউন্সিল আইনজীবীদের কল্যাণ না করে একটি বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা পালন করছে। আইনজীবীরা এর পরিবর্তন চেয়েছেন। সেই পরিবর্তনের স্রোতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ১৪টি পদের মধ্যে ১০টিতে এই প্যানেল জিতেছে।
বার কাউন্সিলের নির্বাচন হয় তিন বছর পর পর। সারা দেশের আইনজীবীরা ১৪ জন সদস্যকে ভোটের মাধ্যমে কাউন্সিলের সদস্য নির্বাচিত করেন। অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে কাউন্সিলের চেয়ারম্যান থাকেন। নির্বাচিত সদস্যদের ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
২০১২ সালের নির্বাচনে নয়টিতে বিএনপি-সমর্থিতরা এবং পাঁচটিতে আওয়ামী লীগ-সমর্থিতরা বিজয়ী হন। নির্বাচিত সদস্যদের মধ্যে ভোটাভুটিতে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন খন্দকার মাহবুব হোসেন।
জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের নেতা খন্দকার মাহবুব হোসেন গতকাল বলেন, ‘এখনো ফলাফল হয়নি। আমরা সংখ্যাগরিষ্ঠতা পাইনি। সরকারপন্থীরা এগিয়ে আছেন।’ তিনি বলেন, ‘তাঁরা (সরকারপন্থী) সরকারি পৃষ্ঠপোষকতায় প্রচারণা চালিয়েছেন। সরকার বলেছে, যদি তাঁরা নির্বাচিত হন, সরকার বার কাউন্সিলের জন্য অনেক কল্যাণমূলক কাজ করবে। তাই আইনজীবীরা আশান্বিত হয়েছেন। এভাবে একটা রঙিন স্বপ্ন তাঁদের দেখানো হয়েছে। তাঁরা যদি আদৌ উন্নয়ন করতে চান, আমরা সহযোগিতা করব।’
বিকেলে বার কাউন্সিলের চেয়ারম্যান মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকাসহ এর আশপাশের কয়েকটি আইনজীবী সমিতির ফল কাউন্সিলে এসেছে। সেগুলো সিলগালা অবস্থায় আছে। সব কেন্দ্রের ফল পাওয়ার পর সবার সামনে গণনা করে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আগামী সোমবার এ ফল ঘোষণা হতে পারে।
এই নির্বাচন হওয়ার কথা ছিল গত ২০ মে। কিন্তু ভোটার তালিকায় ত্রুটি ও একই নাম একাধিকবার থাকার অভিযোগ জানিয়ে কাউন্সিলের নির্বাচিত পাঁচ সদস্য এবং ১০১ জন আইনজীবী গত ২৯ এপ্রিল কাউন্সিলের চেয়ারম্যান ও সচিবকে চিঠি দেন। পরে নির্বাচনের তারিখ ২৭ মে নির্ধারণ করা হয় এবং ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ভোটার তালিকায় সংশোধনের বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যায়। আপিল বিভাগ নির্বাচনের জন্য ২৬ আগস্ট দিন ধার্য করেন। সংশোধিত ভোটার তালিকায় ভোটারসংখ্যা প্রায় ৪৮ হাজার থেকে কমে ৪৩ হাজারে দাঁড়ায়।