বালিয়াডাঙ্গীতে সাংসদের ভাই-ভাতিজার লড়াই
দুজন একই পরিবারের সদস্য। সম্পর্কে চাচা-ভাতিজা। তবে এখন নির্বাচনের মাঠে পরস্পরের প্রতিদ্বন্দ্বী তাঁরা। এঁরা হলেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর স্থানীয় সাংসদ দবিরুল ইসলামের আপন ছোট ভাই ও ভাতিজা।
বালিয়াডাঙ্গীর বড়বাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দবিরুল ইসলামের ছোট ভাই মো. কামরুজ্জামান ও ভাতিজা মো. আকরাম আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে আগামী ৭ মে ভোট হবে।
উপজেলা নির্বাচন কমিশন ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সাংসদ মো. দবিরুল ইসলামের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর ছেলে মো. আকরাম আলীকে বড়বাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বাছাই করে কেন্দ্রে পাঠায় নির্বাচনী বোর্ড। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড তাঁকেই দলের মনোনয়ন দেয়। এ সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য সাংসদের আরেক ছোট ভাই কামরুজ্জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কামরুজ্জামান অভিযোগ করে বলেন, ‘ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়ার কথা। কিন্তু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ইউনিয়ন কমিটির বর্ধিত সভায় প্রভাব খাটিয়ে বড়বাড়ি ইউনিয়নে তাঁর ছেলে আকরাম আলীকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে বাছাই করেন। নিজের স্বার্থের কারণে তৃণমূল নেতাদের সভায় উপস্থিত সদস্যদের মতামত যাচাই না করে চেয়ারম্যান পদে তিনি নিজেই একক সিদ্ধান্ত দিয়েছেন। ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা ডেকে ভোট নিলে আমি অবশ্যই জয়ী হব। জনমত আমার সঙ্গেই আছে, আমি নির্বাচনের ময়দান ছেড়ে দেব না।’
কামরুজ্জামান দাবি করেন, বড়বাড়ি ইউনিয়নে তাঁর ভাতিজা আকরাম আলীর খুব একটা জনপ্রিয়তা নেই। ইউনিয়ন চেয়ারম্যানের পদ যাতে অন্য দলের লোকের হাতে চলে না যায়, সে কারণে তিনি ভাতিজার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘ইউনিয়ন পর্যায়ের জনমত প্রধান বিষয় নয়, এমপি সাহেব এখানে যাঁকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে চাইবেন তিনিই নির্বাচন করবেন। তাঁর মতের বাইরে যাওয়া যায় না।’ গত উপজেলা নির্বাচনে সাংসদের ছোট ভাই সফিকুল ইসলাম চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। তখন তাঁর মেজো ভাই মোহাম্মদ আলী বিদ্রোহ করে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরে অবশ্য তিনি তা প্রত্যাহার করে নেন।
ফুলতলা এলাকার বাসিন্দা মেরাজুল হোসেন বলেন, ‘চেয়ারম্যান পদে একই বাড়ির দুজন সদস্য ভোটের মাঠে থাকলে আওয়ামী লীগের ভোট ভাগ হয়ে যেতে পারে।’
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আকরাম আলী বলেন, ‘চাচার মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে একপ্রকার অস্বস্তিতে রয়েছি। তিনি যদি আগে নির্বাচন করার কথা বলতেন, তবে আমি প্রার্থী হতাম না। আমাদের পরিবার একটি রাজনৈতিক পরিবার, এ পরিবারের ভালোর জন্য আমরা একে অপরকে ছাড় দিয়ে আসছি। গত উপজেলা নির্বাচনে বাবা চেয়ারম্যান পদে চাচাকে ছাড় দিয়েছিলেন। এ নির্বাচনে চাচা প্রার্থিতা প্রত্যাহার না করলে চাচা-ভাতিজার লড়াই ছাড়া আর উপায় নেই।’
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায় বলেন, ‘দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে বিদ্রোহী প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার করে নিতে আলোচনা করা হচ্ছে। বড়বাড়ি ইউনিয়নেও সমঝোতার আলোচনা চলছে।’
সাংসদ দবিরুল ইসলাম বলেন, ইউপি নির্বাচনে দলের প্রার্থী বাছাই একটি প্রক্রিয়ার মাধ্যমে করা হয়েছে। কমিটির সদস্যরা যাঁকে যোগ্য মনে করেছেন, চেয়ারম্যান পদে তাঁকেই বাছাই করেছেন। এ প্রক্রিয়ায় সাংসদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। তবে মনোনয়ন নিয়ে প্রত্যাশীদের ক্ষোভ থাকতেই পারে। তবে তা কেটে যাবে।