এক যুগ পর টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা ছিল আজ বৃহস্পতিবার। কিন্তু গতকাল বুধাবর দুপুরে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে সম্মেলন স্থগিত করা হয়েছে।
সম্মেলনের স্থান বাসাইল থেকে টাঙ্গাইল শহরে নিয়ে আসা এবং কাউন্সিলরদের তালিকা নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় সম্মেলন স্থগিত করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০০৩ সালে। এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষপর্যায়ের বেশ কয়েকজন নেতা মারা গেছেন। এ অবস্থায় উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্যোগ নেওয়া হলে সাংসদের পক্ষের আজাদ খানশুর এবং অপর পক্ষের কাজী অলিদ সভাপতি পদের জন্য তৎপর হন।
পৌর আওয়ামী লীগের সম্মেলন না হওয়ায় সেখান থেকে কাজী অলিদের পক্ষের লোকদের বেশি নাম দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সাংসদের পক্ষের নেতারা।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজাদ খানশুর বলেন, জেলা আওয়ামী লীগের নেতারা কাজী অলিদকে সভাপতি বানানোর জন্য নানা কৌশল অবলম্বন শুরু করেন।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, ঐকমত্যের ভিত্তিতেই কাউন্সিলর তালিকা তৈরি করা হয়েছে।