বাসায় ইফতার মাহফিল ডেকে বিএনপির কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল জেলা ও কালিয়া উপজেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। নিজ বাসার চত্বরে ইফতার মাহফিলের জন্য গত মঙ্গলবার ঘনিষ্ঠ সমর্থকদের দাওয়াত দিয়েছিলেন। সেই অনুষ্ঠানে তিনি কালিয়া উপজেলা কমিটি ভেঙে দিয়ে দুই সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করেছেন।
দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে কোনো কাউন্সিল ছাড়াই এভাবে হুট করে কমিটি গঠন করায় বিস্মিত দলের নেতা-কর্মীরা। অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
জেলা ও উপজেলা বিএনপির কয়েকজন নেতা জানান, জাহাঙ্গীর আলম একাই গুরুত্বপূর্ণ দুটি কমিটির সভাপতির পদ দখল করে রাখায় সংগঠনের কার্যক্রম পরিচালনায় বিঘ্ন ঘটছিল। দুটির যেকোনো একটি পদ ছেড়ে দিতে কেন্দ্রীয় পর্যায় থেকে তাঁকে নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ পালনের জন্য গত মঙ্গলবার তিনি কালিয়া উপজেলা সদরের পূর্ব কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন অস্থায়ী বাসভবন চত্বরে ইফতার পার্টির আয়োজন করেন। ইফতার মাহফিলে জাহাঙ্গীর আলম প্রধান অতিথি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের সিকদারকে বিশেষ অতিথি করে দাওয়াতপত্রও বিলি করা হয়। সেখানে আবদুল কাদের সিকদার ছিলেন না। ১০১ সদস্যবিশিষ্ট উপজেলা বিএনপির অনেক নেতা দাওয়াতপত্র পাননি বলেও অভিযোগ করেছেন।
ইফতার পার্টিতে উপস্থিত কয়েকজন নেতা বলেন, ইফতারের পর জাহাঙ্গীর আলম কালিয়া উপজেলা বিএনপির কমিটি ভেঙে দেন। তিনি সালামাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সরদার আনোয়ার হোসেনকে সভাপতি ও ওয়াহিদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন। আগের কমিটিতে আনোয়ার সহসভাপতি ও ওয়াহিদুজ্জামান সাধারণ সম্পাদক ছিলেন।
সদ্য সাবেক কালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দলের নামে ইফতার পার্টি দেওয়া হয়েছে এবং কালিয়া উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে, এ কথা বেশির ভাগ নেতা-কর্মীই জানেন না।’ তিনি বলেন, গঠনতন্ত্র অনুযায়ী কমিটি পুনর্গঠন করা হয়নি। আন্দোলন-সংগ্রামে যাঁদের রাস্তায় দেখা যায়নি কমিটিতে তাঁদের প্রাধান্য দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জাহাঙ্গীর আলমের মুঠোফোনে গতকাল সাত-আটবার কল করলেও তিনি ফোন ধরেননি। জেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুল কাদের সিকদার বলেন, ‘ব্যক্তিগত কারণে ওই ইফতার পার্টিতে অংশ নিতে পারিনি। কালিয়া উপজেলা কমিটি গঠনের ব্যাপারে আমার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি।’