বাহাউদ্দিন নাছিমকে ঠেকানোই উদ্দেশ্য?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে কাল শনিবার মাদারীপুরের কালকিনিতে আসছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তবে সফরকালে এলাকায় থাকবেন না এ আসনের সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

কর্মসূচি আয়োজনে মূল ভূমিকা রাখছেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের লোকজন। নেতা-কর্মীরা বলছেন, মন্ত্রীর এ সফর কালকিনিতে নাছিমের বিরুদ্ধে আবুল হোসেন ও শাজাহান খানের গাঁটছড়া বাঁধার বার্তা দেবে। বর্তমানে কালকিনিতে আবুল হোসেনের পক্ষের লোকজন কোণঠাসা অবস্থায় রয়েছে। আর এখানে শাজাহান খানের কখনোই শক্ত অবস্থান ছিল না।

সফরসূচি অনুযায়ী, মন্ত্রী শনিবার সকাল ১০টায় কালকিনির ভূরঘাটা বাজারে পৌঁছাবেন। সেখানে তিনি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদবিরোধী এক পথসভায় যোগ দেবেন। ভূরঘাটা বাজারের পথসভা আয়োজনে মূল ভূমিকা পালন করছেন কালকিনি আওয়ামী লীগের সাবেক সভাপতি (বহিষ্কৃত) ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর গোলাম ফারুক। তিনি সৈয়দ আবুল হোসেনের পক্ষের নেতা হিসেবে পরিচিত। তিনি প্রথম আলোকে বলেন, বাহাউদ্দিন নাছিম এখানকার সাংসদ নির্বাচিত হওয়ার পর এলাকায় আওয়ামী লীগের প্রকৃত নেতা-কর্মীরা চরম নির্যাতনের শিকার হয়েছেন।
তাঁরা এখন সাহস ফিরে পাবেন; জেগে উঠবেন। মন্ত্রী শাজাহান খানের এই সফর সেই বার্তা দেবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি তহমিনা সিদ্দিকী বলেন, সাংসদ বাহাউদ্দিন নাছিম মন্ত্রীর আগমনের বিষয়ে কিছুই জানেন না। এমনকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে তাঁকেও (তহমিনা) সময়মতো বিষয়টি জানানো হয়নি। গত মঙ্গলবার রাতে মন্ত্রী তাঁকে ফোন করে বলেন, তিনি কালকিনিতে আসছেন। কিন্তু কেন আসছেন, কোথায় কী কর্মসূচি তার কিছুই তাঁরা জানেন না। এক প্রশ্নের জবাবে তহমিনা সিদ্দিকী বলেন, মন্ত্রীর কোনো কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগ বা পৌর আওয়ামী লীগ যাবে না।

ভূরঘাটায় পথসভার পর মন্ত্রী শাজাহান খান যাবেন কালকিনি বাজারে। সেখানে তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল লতিফ ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজ সরদারের কবর জিয়ারত করবেন। মন্ত্রীর সফরের পরবর্তী কর্মসূচি হিসেবে আছে মশিউর রহমান সবুজের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ। সবুজ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। তিনি সৈয়দ আবুল হোসেনের ডানহাত হিসেবে পরিচিত। আবুল হোসেনপন্থী অন্যদের মতো তিনিও এখন দলীয় কোনো পদে নেই।

দলীয়-নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেল, মন্ত্রিত্ব ও দলীয় পদ হারানোর পর থেকে আবুল হোসেনের পক্ষের নেতা-কর্মীরা এলাকায় কোণঠাসা হয়ে আছেন। মাদারীপুর সদরের মানুষ বাহাউদ্দিন নাছিমকে কালকিনি আওয়ামী লীগের টিকিটে সাংসদ হওয়ার বিষয়টি অনেকে মেনে নিতে পারেননি। নাছিম দলীয় মনোনয়ন পাওয়ার পর আবুল হোসেনের লোকজন এলাকায় মিছিল-অবরোধসহ নানা কর্মসূচি পালন করেন। পরে নাছিম সাংসদ হওয়ার পর কালকিনিতে নিজের প্রভাব বিস্তার করতে আবুল হোসেনপন্থী লোকজনকে দলীয় পদ থেকে সরাতে শুরু করেন। দুই পক্ষের দ্বন্দ্ব এখনো তুঙ্গে রয়েছে। এমন পরিপ্রেক্ষিতে আবুল হোসেনের সঙ্গে গাঁটছড়া বেঁধে কালকিনিতে নিজের অবস্থান তৈরির চেষ্টা চালাচ্ছেন মন্ত্রী শাজাহান খান।

কালকিনিতে এখন মন্ত্রী শাজাহান খানের লোক হিসেবে পরিচিত কৃষক লীগের কেন্দ্রীয় নেতা শাকিলুর রহমান প্রথম আলোকে বলেন,‘নৌপরিবহনমন্ত্রী আমাদের জেলার মন্ত্রী। তিনি মাদারীপুরের সর্বত্র কর্মসূচি করতে পারেন। এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। এ কর্মসূচি ঘিরে আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই।’

সাংসদ বাহাউদ্দিন নাছিম প্রথম আলোকে বলেন, মন্ত্রী শাজাহান খান কালকিনিতে আসছেন কি না, তা তিনি জানেন না। এ বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি। পরে সাংসদ বলেন, তাঁর আসনভুক্ত এলাকায় আগে অনেক অশান্তি ছিল। অনেক চেষ্টা করে শান্তি ফিরিয়ে এনেছেন। মন্ত্রীর সফর এলাকায় অশান্তি সৃষ্টি করে কি না, তিনি সেই চিন্তা করছেন।

শাজাহান তাঁর কালকিনি মিশনে এখানকার আরেক প্রভাবশালী রাজনীতিক আবদুস সোবহান গোলাপকেও পাশে নেওয়ার চেষ্টা করছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক গোলাপকে আগামী ৫ ফেব্রুয়ারি তাঁর নিজ ইউনিয়ন রমজানপুরে সংবর্ধনা দেওয়া হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়েছে মন্ত্রী শাজাহান খানকে।