বাহাত্তরের সংবিধান ফিরিয়ে আনার আশা গওহর রিজভীর
ভবিষ্যতে বাহাত্তরের সংবিধান ফিরিয়ে আনা যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
আজ শনিবার রাজধানীর নিমতলীতে এশিয়াটিক সোসাইটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গওহর রিজভী এই আশাবাদ ব্যক্ত করেন। সোসাইটির অষ্টম মাসিক সাধারণ সভা উপলক্ষে ‘বাংলাদেশে উচ্চশিক্ষায় মুক্তিযুদ্ধের চেতনা ও প্রাসঙ্গিকতা’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাহাত্তরের সংবিধান ফিরিয়ে আনার চেষ্টার কথা উল্লেখ করে গওহর রিজভী বলেন, বাহাত্তরের সংবিধান ফিরিয়ে আনতে কিছু বাকি আছে। মুক্তিযুদ্ধের আদর্শ ও মূলনীতি নিয়ে বিশ্লেষণের ওপর গুরুত্বারোপ করেন গওহর রিজভী।
সম্মানিত অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা শুধু মুখে বললে হবে না, চর্চা করতে হবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে।
এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন এশিয়াটিক সোসাইটির সহসভাপতি মাহফুজা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খন্দকার বজলুল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণের অধ্যাপক মুহাম্মদ, সোসাইটির সাধারণ সম্পাদক একেএম গোলাম রব্বানী প্রমুখ।