বাড়ল না ছাত্রলীগের প্রার্থীদের বয়সসীমা
বাংলাদেশ ছাত্রলীগের দুই বছর মেয়াদি কমিটি পড়েছে চার বছরে। এই কারণেই ২৮ তম সম্মেলনে জোর দাবি ছিল, প্রার্থীদের বয়সসীমা অন্তত দুই বছর বাড়ানো হোক। কিন্তু এবারের সম্মেলনে বয়সসীমা বাড়েনি। ২৭ তম সম্মেলনের মতো এবারও বয়সসীমা রাখা হয়েছে ২৯ বছর।
বয়সের কারণে বাদ পড়া ছাত্রলীগের নেতাদের দাবি, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ‘ভুল বুঝিয়ে’ আগের মতোই বয়স ২৯ বছর করা হয়েছে। প্রধানমন্ত্রী সম্মেলনে বক্তব্য দিয়ে বয়স বাড়ানো যে ঘোষণা দিয়েছেন, তা আসলে গত সম্মেলনের পুনরাবৃত্তি। তিনি এবার বয়সসীমা ২৭ থেকে ২৯ করেছেন। অথচ গতবারও বয়সসীমা ২৯ ছিল।
জানতে চাইলে বয়সের কারণে বাদ পড়া ছাত্রলীগের একজন সহসভাপতি প্রথম আলোকে বলেন, বয়স দিয়ে ছাত্রলীগের সাংগঠনিক নেতৃত্বসম্পন্ন অনেক নেতাকে বাদ দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। নেত্রীকে ভুল বোঝানো হয়েছে।
তবে ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের সদস্য ও সংগঠনের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ‘নেত্রী যে ঘোষণা দিয়েছেন তা অনুসরণ করে আগামীকাল নির্বাচন হবে।’ তিনি বলেন, আগামীকাল সকাল ১০টায় সভাপতি পদের ৬৪ জন প্রার্থী ও সাধারণ সম্পাদক পদের ১৪২ জনকে নিয়ে তারা বসবেন। সেখানে বসে প্রাথমিকভাবে সমঝোতার চেষ্টা হবে। ফলে প্রার্থীর সংখ্যা কমে আসতে পারে। তাঁর মতে, অনেকে না বুঝে, আবেগের বশে প্রার্থী হয়েছেন। তাঁদের প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমেও প্রার্থীর সংখ্যা কমে আসবে। পরে স্বল্প সংখ্যক প্রার্থীদের ছাত্রলীগের শীর্ষ দুই পদের নির্বাচন হবে।
আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি ছাত্রলীগের একটি বয়স সুনির্দিষ্ট করে দিয়েছিলাম। গঠনতন্ত্র অনুযায়ী বয়সসীমা ২৭ বছর। নিয়মিত শিক্ষার্থী যারা, তারাই নেতৃত্বে আসবে। যেহেতু দুই বছর নষ্ট হয়ে গেছে। তাই গ্রেস পিরিয়ড তো দিতে হয়।’
তাঁর কাছ থেকে এ ঘোষণার পরপরই উপস্থিত ছাত্রলীগের কর্মীরা বিপুল করতালি দিয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত¯স্বাগত জানান। কিন্তু এরপর পরই প্রধানমন্ত্রী বলেন, ‘২৮ বছরে বয়স হলে হবে না, কাজেই সেটা এখন ২৯ বছর হয়ে গেল।’ এ ঘোষণার পর নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কেউ কেউ নতুন করে আশাবাদী হয়ে ওঠেন। আবার কেউ ছিটকে পড়েন নেতা হওয়ার দৌড় থেকে। বর্তমান কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা প্রথম আলোকে বলেন, আগেই বয়স ২৯ বছর ছিল। কিন্তু এবার বয়স বাড়ানোর কথা বলে সেটিই রেখে দেওয়া হয়েছে। এটি দীর্ঘদিন রাজনীতি করে আসা নেতাদের জন্য অন্যায্য।
এদিকে নির্বাচন কমিশন ছাত্রলীগের শীর্ষ দুই পদের জন্য মোট ২৪২ জনের মধ্যে যে ৩৪ জনের মনোনয়নপত্র বাতিল করেছে তাঁদের মধ্যে বয়স ২৯ বছরের বেশি হওয়ার কারণে বাদ পড়েছেন আলোচিত চারজন। তাঁরা হলেন-বর্তমান কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফ, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান।
তবে আজ শনিবার সকাল পর্যন্ত এই চারজন আশাবাদী ছিলেন যে, দুই বছরের জন্য গঠিত হওয়া বর্তমান কমিটি চার বছর পর সম্মেলন দেওয়ায় বয়সের ব্যাপারটিতে প্রধানমন্ত্রী ছাড় দিতে পারেন। আজকে ঘোষণার পর এই চারজনের সমর্থকেরা বেশি মুষড়ে পড়েন। ওই চারজন প্রার্থীর মধ্যে একজনকে কাঁদতেও দেখেছেন তাঁর সমর্থকেরা। প্যান্ডেলের ভেতরেই এই চারজনের নামে স্লোগান শোনা যায়। ২০১১ সালের ১০ ও ১১ জুলাই ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল। নিয়মানুযায়ী দুই বছর পর সম্মেলন হওয়ার কথা।
বয়সের কারণে বাদ পড়া সব নেতার সঙ্গে আজ শনিবার যোগাযোগ করা সম্ভব হয়নি। কিন্তু তাঁদের অনুসারী দুই নেতা প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার ফলে ছাত্রলীগের ভবিষ্যৎ নেতৃত্ব কথিত সিন্ডিকেটের হাতেই থেকে গেল। বিগত চারটি কমিটিতে ছাত্রলীগের সাবেক এক সভাপতির অনুসারীরা শীর্ষ পদে রয়েছেন। ফলে নির্বাচন হলেই ছাত্রলীগের ওই সাবেক সভাপতি ‘মেকানিজম’ করে তাঁর অনুসারী প্রার্থীদের জয়ী করে নিয়ে আসেন। তাঁদের মতে, ২৯ বছরের নিচে বয়সীরা সাংগঠনিকভাবে অপরিপক্ব থাকেন।
তবে এটা মনে করেন না ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারি। তিনি প্রথম আলোকে বলেন, ছাত্রলীগে প্রধানমন্ত্রীর কথাই শেষ কথা। তিনি বলেছেন, নিয়মিত ও মেধাবী ছাত্রদের থেকে নেতা নির্বাচন করতে। গত কাউন্সিলেও এটা ছিল। যারা ওই কাউন্সিলের মাধ্যমে সভাপতি-সাধারণ সম্পাদক হয়েছেন তারা তো অপরিপক্ব নন। আর সরাসরি ভোটের মাধ্যমে নেতা হলে তো সিন্ডিকেটের প্রভাব রাখার সুযোগ নেই।