বাড়ির কাছে ভোটকেন্দ্র স্থানান্তরের 'আবদার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের একটি ভোটকেন্দ্র স্থানান্তরের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা। কেন্দ্রটি সরিয়ে যেখানে আনার আবেদন করা হয়েছে, তার পাশেই তাকজিলের বাড়ি।

তাকজিল উপজেলা যুবলীগের আহ্বায়ক। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাংসদ আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। আনিসুল এবারও এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চান। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, ক্ষমতাসীনদের পক্ষে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে ওই আবেদন করা হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর বলেন, কেন্দ্রটি পরিবর্তনের জন্য পৌরসভার মেয়র প্রশাসনের কাছে আবেদন করেছেন। কেন করেছেন, বিষয়টি বোধগম্য নয়। তবে প্রায় ৯০ শতাংশ ভোটার কেন্দ্রটি পরিবর্তন না করতে প্রশাসনের কাছে আবেদনও জানিয়েছিলেন। এরপরও কেন্দ্রটি পরিবর্তন করা হলে ভোটারদের মধ্যে বিরূপ প্রভাব পড়বে।

স্থানীয় বাসিন্দা ও নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে ইসির কাছে আখাউড়ার পীর শাহ সুলতান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রটি পরিবর্তনের জন্য আবেদন করেন তাকজিল খলিফা। কেন্দ্রটি স্থানান্তর করে প্রায় এক কিলোমিটার দূরে পৌর শহরের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেওয়ার আবেদন করেন তিনি। এর কারণ হিসেবে শাহ সুলতান সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দুর্গম ও নির্জন এলাকায় অবস্থিত বলে উল্লেখ করা হয়। রাধানগর বিদ্যালয়ের প্রায় ৫০০ গজ কাছেই তাকজিলের বাসভবন।

>আবেদন করেছেন আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা। এ আসনের সাংসদ আইনমন্ত্রী আনিসুল হক।

এলাকার লোকজন বলেন, অনেক আগে থেকে পীর শাহ সুলতান বিদ্যালয়টি জাতীয়সহ অন্যান্য নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিভিন্ন গ্রাম থেকে এখানে আসার মূল পাকা সড়কসহ চার-পাঁচটি রাস্তা রয়েছে। এটির পাশেই একটি বড় শিবমন্দির ও একটি কবরস্থান রয়েছে। হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষেরই এখানে যাতায়াত রয়েছে।

পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতিকুর রহমান বলেন, তিনি তিনবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিয়েছেন। প্রতিবার এ কেন্দ্রেই ভোট হয়েছে। ভোট দিতে কারও সমস্যা হয়নি।

জানতে চাইলে তাকজিল খলিফা বলেন, ‘পীর শাহ সুলতান বিদ্যালয়টি অত্যন্ত দুর্গম ও নির্জন জায়গা। সেখানে যাতায়াত করতে সাধারণ মানুষর সমস্যা হয়।’

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেন, নীতিমালায় আছে, বিগত সংসদ নির্বাচনে যে কেন্দ্র ব্যবহৃত হয়েছিল, কোনো কারণে ক্ষতিগ্রস্ত অথবা বিশেষ কোনো পরিস্থিতি সৃষ্টি না হলে সে কেন্দ্র বহাল রাখতে হবে।