বি. চৌধুরী বিএনপির মঙ্গল চান, বললেন হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব উল আলম হানিফ। ফাইল ছবি
মাহবুব উল আলম হানিফ। ফাইল ছবি

বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী) বিএনপির মঙ্গল চান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তাঁর মতে, বিএনপি জামায়াত না ছাড়লে রাজনীতিতে দলটির উঠে আসার সুযোগ নেই।
আজ শনিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীতে প্রিন্সিপাল শাহজাহান ফাউন্ডেশনের ‘যুগপূর্তি, শেকড়ের সন্ধানে গ্রন্থের প্রকাশনা এবং গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠানে হানিফ এসব কথা বলেন।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার এক অনুষ্ঠানে বি. চৌধুরী বলেন, ‘বর্তমানে চলছে জামায়াতনির্ভর খালেদার রাজনীতি। দেশে-বিদেশে যে চাপ, তাতে এই রাজনীতি টিকবে বলে মনে হয় না।’
বি. চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, এই লোকটির মধ্যে কৃতজ্ঞতা বোধ আছে। কারণ, জিয়াউর রহমান যখন দল গঠন করেন তিনি প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন, দীর্ঘ দিন এই দলের সঙ্গে ছিলেন। ২০০১ সালে বিএনপি তাঁকে রাষ্ট্রপতি বানায়। ক্ষমতার দ্বন্দ্বে তাঁকে পদত্যাগ করতে বাধ্য করানো হয়। তাঁর বিদায় স্বাভাবিক ছিল না। কিন্তু এখনো তিনি বিএনপির মঙ্গল চান।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি জামায়াত না ছাড়লে রাজনীতিতে উঠে আসার সুযোগ নেই। এই কথা আমরা প্রথম থেকেই বলছি। শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে বলেছিলেন, আপনি নিজে মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে দাবি করেন আর যুদ্ধাপরাধী জামায়াতের পক্ষ হয়ে মাঠে নামেন। এটা বাংলার মানুষ ভালো মনে করে না। আপনি এটা থেকে বেরিয়ে আসুন। খালেদা জিয়া বের হন নাই।’

সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, শেকড় নেই বলেই আজকে বিএনপি ক্রমান্বয়ে মুসলিম লীগে পরিণত হবে। আজকে তাদের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে কথাবার্তায় বোঝা যায় তাদের ভবিষ্যৎ। আগামী নির্বাচনের আগে দলটি ভেঙে কয় খণ্ড হবে, তার কোনো ঠিক নেই। তিনি বলেন, আওয়ামী লীগের শেকড় মজবুত বলেই এত ঝড়-ঝাপটা হওয়ার পরও আওয়ামী লীগ টিকে আছে।

সংগঠনের চেয়ারম্যান মো. শাহজাহান আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, অভিনেতা ইনামুল হক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।