বিআরটিসিকে যাত্রীসেবার মান বাড়াতে বললেন কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ফাইল ছবি

বিআরটিসিকে আধুনিক পরিবহনে রূপান্তর এবং যাত্রীসেবার মান উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিআরটিসির গাড়িগুলোকে আরও আধুনিকায়ন ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে হবে।

আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ভবন আধুনিকায়নের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিআরটিসির কার্যালয়গুলোর শুধু সৌন্দর্য বর্ধন করলেই হবে না, যাত্রীসেবার মানও নিশ্চিত করতে হবে।

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততার সঙ্গে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে সেতুমন্ত্রী বিআরটিসিকে যেকোনো মূল্যে সুনামের ধারায় ফিরিয়ে আনার আহ্বান জানান। বিআরটিসিকে জনসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় যা যা করা দরকার, সবই করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতি বন্ধ করতে না পারলে কোনো সফলতা আসবে না।

দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি করে কেউ ছাড় পাবে না।

ওবায়দুল কাদের বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিআরটিসির প্রধান কার্যালয়সহ প্রতিটি ডিপোর অডিট কার্যক্রম সম্পন্ন করাসহ অভ্যন্তরীণ অডিট আরও জোরদার করতে হবে।

গাড়িগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণ–কাজের জন্য বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ফিজিক্যাল ওয়ার্ক শতভাগ না করে কেউ যেন সম্পূর্ণ বিল তুলে নিতে না পারে, বিষয়টি কঠোরভাবে মনিটর করতে হবে।