বিআরডিবিতে অচলাবস্থা
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে (বিআরডিবি) অচলাবস্থার সৃষ্টি হয়েছে। অফিসে স্লোগান, কর্মকর্তাদের হুমকি, বাগ্বিতণ্ডার অভিযোগে ১৮ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করায় তাঁরা অফিস ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। ১০ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে দূরবর্তী স্থানে তাৎক্ষণিক বদলি এবং ১৭ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
একটি পদোন্নতিকে কেন্দ্র করে অচলাবস্থার সৃষ্টি হলেও এর নেপথ্যে বিআরডিবি কর্মচারী সংসদের (সিবিএ) নেতাদের বাড়াবাড়ি এবং কর্মকর্তাদের গাফিলতিও রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিআরডিবি কর্তৃপক্ষ ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৮ নভেম্বর ‘যুগ্ম পরিচালক (পরিকল্পনা)’ পদকে ‘যুগ্ম পরিচালক (নির্মাণ)’ পদে পরিবর্তন করে অর্থ মন্ত্রণালয় আদেশ জারি করে। একই দিনে সেই আদেশ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ হয়ে কারওয়ান বাজারের বিআরডিবি সদর দপ্তরে পৌঁছায়। ওই পদে পদোন্নতি পাওয়ার দাবিদার উপপরিচালক (নির্মাণ) রাশেদুল আলমসহ অন্যান্য পদে থাকা ৫২ জনকে পদোন্নতি দেওয়ার জন্য পরদিন কারওয়ান বাজারের পল্লী ভবনে বিভাগীয় পদোন্নতি কমিটির বৈঠকে বসে। এ সময় পদোন্নতির দাবিদার অন্য কর্মকর্তারা অফিসে উপস্থিত হয়ে আপত্তি জানান। তাঁদের আপত্তি হচ্ছে, যুগ্ম পরিচালক (পরিকল্পনা) পদকে যুগ্ম পরিচালক (নির্মাণ) করা যাবে না। কারণ, এই পরিবর্তন হলে এই পদে কেবল প্রকৌশলীরা পদোন্নতি পাবেন। অন্যরা এই পদে যেতে পারবেন না।
আপত্তি উপেক্ষা করে ওই দিন পদোন্নতির সুপারিশ চূড়ান্ত করা হয়। এর প্রতিবাদে ১২ নভেম্বর পল্লী ভবনের নিচতলায় সারা দেশ থেকে আসা কর্মকর্তা-কর্মচারীরা সমাবেশ করেন। একপর্যায়ে তাঁরা ভারপ্রাপ্ত মহাপরিচালকের কক্ষে গিয়ে তাঁদের দাবির কথা জানান। এ সময় বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। তখন অফিসার্স অ্যাসোসিয়েশন ও সিবিএর নেতারাও উপস্থিত ছিলেন। ওই পরিস্থিতিতে ভারপ্রাপ্ত মহাপরিচালক পুলিশি পাহারায় অফিস ত্যাগ করেন।
দুই দিন পর বিআরডিবির ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আকরাম হোসেন বাদী হয়ে ১৮ কর্মকর্তা-কর্মচারীসহ ৭০ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, অফিসার্স অ্যাসোসিয়েশন ও সিবিএ নেতাদের নেতৃত্বে কিছু বহিরাগত ব্যক্তি বিভিন্ন দাবি নিয়ে প্রশাসন বিভাগ বন্ধ করে দেন। তাঁরা সিসিটিভি ক্যামেরা ঘুরিয়ে দেন এবং কাপড় দিয়ে ঢেকে রাখেন। একপর্যায়ে বিআরডিবির অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতাদের নেতৃত্বে কক্ষের তালা ভেঙে সিসিটিভির মেশিন ছিনিয়ে নেন। অফিসের প্রশাসন শাখার গুরুত্বপূর্ণ কক্ষ তছনছ করে বিভিন্ন রেজিস্টার ও ফাইল ছুড়ে ফেলেন।
অবশ্য বিআরডিবি কর্মচারী সংসদের (সিবিএ) সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম দাবি করেন, কর্তৃপক্ষের ভুল সিদ্ধান্তের কারণে কর্মচারীদের পেনশন বন্ধ হয়ে গেছে। এর প্রতিবাদসহ বিভিন্ন দাবি নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা ভারপ্রাপ্ত মহাপরিচালকের কাছে গেলে তিনি কটূক্তি করেন। তখন ভাঙচুর হয়নি।
ওই ঘটনার সময় উপস্থিত ছিলেন এমন একাধিক উপপরিচালক প্রথম আলোকে বলেন, ৮ নভেম্বর অর্থ মন্ত্রণালয় যুগ্ম পরিচালক (নির্মাণ) পদ অনুমোদন করে। একই দিনে তা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ হয়ে বিআরডিবি সদর দপ্তরে পৌঁছায়। পরদিনই পদোন্নতি কমিটির বৈঠকে পদোন্নতির সুপারিশ হয়। সবকিছু এত দ্রুত করায় সন্দেহের সৃষ্টি হয়েছে।
এই উপপরিচালকদের দাবি, ৫২ জনকে ডিঙিয়ে যুগ্ম পরিচালক (নির্মাণ) পদে একজন কনিষ্ঠ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার খবর শুনে ক্ষুব্ধ হয়ে সারা দেশের কর্মকর্তা-কর্মচারীরা সদর দপ্তরে জড়ো হয়েছিলেন। তাঁরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছেন। তাঁরা বলেন, এমনিতে বিআরডিবিতে প্রায় ৪৫০টি পদ শূন্য। এখন মামলা, সাময়িক বরখাস্ত ও নোটিশের কারণে ৪৫ জন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন। এতে অচলাবস্থা দেখা দিয়েছে।
একজন কর্মকর্তা জানান, এ ছাড়া আরও বেশ কিছু কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে।
বিআরডিবির ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আকরাম হোসেন প্রথম আলোর কাছে দাবি করেন, ‘অচলাবস্থা নেই। আমি সবকিছু চালিয়ে নিচ্ছি।’ তিনি বলেন, তিনি কোনো অনিয়ম করেননি। দীর্ঘদিন ধরে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের অনেকে অনুপস্থিত থাকছেন বা আর্থিক অনিয়ম করে আসছেন। এসবে বাধা দেওয়ার কারণে ওই দিন পদোন্নতির অজুহাতে কর্মকর্তা-কর্মচারীরা এ ধরনের পরিস্থিতির সৃষ্টি করেছেন।
অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শহীদুল ইসলাম বলেন, পদোন্নতির প্রতিবাদ জানাতে কর্মকর্তা-কর্মচারীরা জড়ো হয়েছিলেন।