বিএনপি অজুহাত খুঁজছে: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্চ কমিটিকে বিতর্কিত করে বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। গতকাল শুক্রবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি নানা অজুহাত খুঁজছে। নির্বাচনে হেরে যাবে জেনেই তারা এত কথা বলছে বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের আমিন জুটমিলের দক্ষিণ ফটকের জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।
রাশেদ খান মেনন অভিযোগ করেন, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রমূলক তৎপরতা এখনো চলছে। অথচ ক্ষমতায় থাকার সময় তারা ‘আজিজ মার্কা’ নির্বাচন কমিশন গঠন করেছিল। ভোটের স্বচ্ছতা ও নিরপেক্ষতার জন্য গণতান্ত্রিক শক্তিগুলোর দাবি মেনে নিতে তখন তারা রাজি হয়নি। এর ফলে দেশের ওপর মইন উদ্দিন—-ফখরুদ্দীন সরকার চেপে বসেছিল। তিনি বলেন, নিয়ম অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার আসবে, সরকার যাবে।
জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার সভাপতি আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ মইন উদ্দীন খান বাদল ও ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শামসুদ্দিন খালেদ।
গতকালের সম্মেলনে নুরুল ইসলামকে সভাপতি ও দিদারুল আলম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে জাতীয় শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম জেলার ২৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।