‘বিএনপি অবৈধ হলে আওয়ামী লীগও অবৈধ। কারণ, বাকশাল গঠনের পর আওয়ামী লীগ ছিল না। জিয়াউর রহমানের সময় বিএনপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন নিয়েছিল, তখন আওয়ামী লীগও নিবন্ধন নেয়।’
প্রধানমন্ত্রীর ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় গতকাল বুধবার বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
‘বিএনপিকে অবৈধ বলে গণ্য করা উচিত’—এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এই বক্তব্যের বিষয়ে গতকাল বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা প্রশ্ন করলে মির্জা ফখরুল পাল্টা ওই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর ভাষণ জাতিকে হতাশ করেছে। জাতির প্রত্যাশা ছিল, দেশে যে গভীর রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, তা নিরসনে ভাষণে একটি দিকনির্দেশনা পাওয়া যাবে। কিন্তু তিনি রুটিন বক্তব্য রেখেছেন।
‘গণমাধ্যম স্বাধীন’ প্রধানমন্ত্রীর এই বক্তব্য নাকচ করে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণমাধ্যম তাদের নিয়ন্ত্রণের বাইরে কিছুই বলতে পারছে না। চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, সিএসবি, আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। একুশে টেলিভিশন জোর করে কেড়ে নেওয়া হয়েছে। সুপরিকল্পিতভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সরকারের সমালোচনা করায় বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হচ্ছে।
লুটপাটের মহাসড়কে দেশ
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নেওয়ার দাবি করেছেন। কিন্তু আজকের বাস্তবতা আলাদা। দেশ উন্নয়নের মহাসড়কে গেছে কি না, জানি না; অর্থনীতিক লুটপাটের মহাসড়কে বাংলাদেশ গেছে, তাতে কোনো সন্দেহ নেই।’ তিনি বলেন, ‘বিএনপি সরকারের সময় শেষ অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচক নিয়ে গিয়েছিলাম ৬ দশমিক ৭ শতাংশে। গত সাত বছর চেষ্টা করেও সরকার ৬ দশমিক ৭ শতাংশে আজ পর্যন্ত পৌঁছাতে পারেনি। উন্নয়নের মহাসড়ক যে কোন দিকে যাচ্ছে, তা এ সূচকই বলে দিচ্ছে।’
মঈন খান পদ্মা সেতু ও উড়ালসড়ক প্রকল্পে ‘হরিলুটের’ অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘দুর্নীতির অভিযোগে বিশ্ব ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত পদ্মা সেতু প্রকল্প নিজ অর্থায়নে করার নামে দরিদ্র জনগণের পকেট কেটে প্রতিটি খাতে অতিরিক্ত পদ্মা সেতু লেভি আদায় করা হচ্ছে। আবার সেই অর্থেরও হরিলুট চলছে।’