বিএনপি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: খন্দকার মোশাররফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে করা দুর্নীতির একটি মামলার রায় দেওয়া হবে। এ রায় নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না।
আজ শনিবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় স্থানীয় সরকারমন্ত্রী এ কথা বলেন। কৃষ্ণনগর ইউনিয়নের সাতটি সড়কের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এ জনসভার আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ।
এ সমাবেশের আগে মন্ত্রী কৃষ্ণনগর ইউনিয়নে ২২ কোটি ৭ লাখ ৮৯ হাজার টাকার ৯টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
খন্দকার মোশাররফ বলেন, দুর্নীতির মামলার রায় নিয়ে যারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে জনগণই ব্যবস্থা নেবে। কেননা জনগণ শান্তিতে থাকতে চায়। তারা অরাজকতা পছন্দ করে না।
বিচার চলেছে তার নিজস্ব গতিতে, খালেদা জিয়ার এ বিচার নিয়ে সরকার কোনো হস্তক্ষেপ করেনি—মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা আওয়ামী লীগ দেয়নি। মামলা দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার। মামলায় রায় কী হবে, তা নিয়ে বিএনপি অস্থির হয়ে পড়েছে। কেননা, বিএনপির নেতারা জানেন তাঁদের নেত্রী এতিমদের টাকা মেরেছেন। তাই তাঁর সাজা হবে। সাজা নিয়ে তাই বিএনপি দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।
‘রায় নিয়ে কোনো অরাজকতা সৃষ্টি করবেন না’—বিএনপিকে পরামর্শ দিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, রায়ে আপনাদের নেত্রীর সাজা হয়ে গেলেও আপিল করার সুযোগ রয়েছে।