বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাফিজউদ্দিন, হাছান মাহমুদ
হাফিজউদ্দিন, হাছান মাহমুদ

কানাডার ফেডারেল আদালতে বাংলাদেশের বিরোধী দল বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করার ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথক সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ও বিএনপি নিজেদের অবস্থান তুলে ধরেছে।
কানাডার ফেডারেল আদালতের বিচারক হেনরি এস ব্রাউন গত ২৫ জানুয়ারি এই রায় দেন, যার লিখিত কপি সম্প্রতি প্রকাশ পেয়েছে। ওই রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির নেতারা বলেছেন, এটা সরকারের চক্রান্তের অংশ। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা বলেছেন, বৈশ্বিকভাবে প্রমাণ হয়েছে যে বিএনপি সন্ত্রাসী সংগঠন।
উল্লেখ্য, জুডিশিয়াল রিভিউ আবেদন নিষ্পত্তি করতে গিয়ে কানাডার আদালতের বিচারক বাংলাদেশের রাজনীতি, বিএনপির পরিচালিত লাগাতার হরতাল এবং হরতালকে কেন্দ্র করে পরিচালিত সন্ত্রাসী তৎপরতা সম্পর্কে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন। ওই রায়ে তদন্ত কর্মকর্তা বলেন, বিএনপি এবং আওয়ামী লীগ দেশের প্রধান দুটি রাজনৈতিক দল। বাংলাদেশের রাজনীতি সহিংস (ভায়োলেন্ট অ্যাফেয়ার)। উভয় দলই একই রকম কৌশলে জড়িত। তবে বিচারকের পর্যবেক্ষণে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলা হয়।
মোহাম্মাদ জুয়েল হোসেন গাজী নামে ঢাকার মিরপুর স্বেচ্ছাসেবক দলের একজন কর্মীর রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ হওয়ার পর তিনি ফেডারেল কোর্টে জুডিশিয়াল রিভিউয়ের আবেদন করেন। তাঁর আবেদন গ্রহণ করে ২০১৫ সালের ২৮ এপ্রিল তাঁকে স্থায়ী বাসিন্দা হিসেবে প্রথম পর্যায়ের অনুমোদন দেওয়া হয়। পরে ২০১৬ সালের ১৬ মে কানাডায় প্রবেশের অযোগ্য হিসেবে ঘোষণা করে বলা হয়, ‘বিএনপি সন্ত্রাসী কাজে লিপ্ত ছিল, লিপ্ত আছে বা লিপ্ত হবে এটি বিশ্বাস করার যৌক্তিক কারণ আছে।’
‘বিএনপিকে সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে কানাডার ফেডারেল আদালতের দেওয়া এই পর্যবেক্ষণের পেছনে চক্রান্ত আছে বলে মনে করে বিএনপি। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।
রিজভীর দাবি, কানাডার ইমিগ্রেশন বিভাগকে ভুল তথ্য দিয়ে নাটক সাজানো হয়েছে। নির্বাচনের আগে এ ধরনের ঘটনা সৃষ্টি করে জনগণের মনে ধোঁয়াশা তৈরি করা তাদের উদ্দেশ্য।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহম্মদ দাবি করেন, কানাডার আদালতে প্রসিকিউটর বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে। সুতরাং শুধু শুধু বিএনপিকে দোষারোপ করার মানে হয় না। এটা বিশ্বাস করলে, এটিও বিশ্বাস করতে হবে আওয়ামী লীগও সন্ত্রাসীদের দল।
রিজভীর প্রশ্ন, বিএনপির যে নেতা রাজনৈতিক আশ্রয় চাইবেন, তিনি কি বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলবেন? ওই ব্যক্তি বিএনপি বা স্বেচ্ছাসেবক দলের নেতা হলে কেন বিএনপির বিরুদ্ধে বলতে যাবেন—এমন প্রশ্ন রেখে রিজভী বলেন, ‘এই কথায় মনে হচ্ছে, এটা সাজানো নাটক।’
রিজভী আরও বলেন, কানাডায় যে অনলাইন পত্রিকায় সংবাদটি এসেছে সেটি ছাত্রলীগের সাবেক নেতা শওগাত আলী সাগরের। তাঁরা কানাডায় বসে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও নানা ধরনের চক্রান্ত করছেন।
এ প্রসঙ্গে অনলাইন পত্রিকা নতুন দেশের প্রধান সম্পাদক শওগত আলী সাগর এক ব্যাখ্যায় বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় সাংবাদিকতা শুরুর পর দলীয় রাজনীতির সঙ্গে তিনি সম্পর্কের অবসান ঘটান। তিনি বলেন, পেশাদারি বজায় রেখে তিনি সাংবাদিকতা করছেন।
বিএনপি রাজনৈতিক চরিত্র হারিয়েছে
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি রাজনৈতিক চরিত্র হারিয়ে এখন সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। এটা এখন বৈশ্বিকভাবে প্রমাণিত। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্রুত বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন।
গতকাল দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ এসব কথা বলেন। কানাডার ফেডারেল আদালতে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন অ্যাখা দেওয়ার বিষয়ে আওয়ামী লীগের বক্তব্য তুলে ধরতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।
হাছান মাহমুদ বলেন, ‘মানুষ পুড়িয়ে হত্যা, ঘুমন্ত মানুষের ওপর পেট্রলবোমা নিক্ষেপ করা, বিশ্ব ইজতেমা ফেরত মুসল্লি কেউই বিএনপির এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রেহাই পায়নি। পৃথিবীর কোথাও রাজনীতির জন্য, সরকার পরিবর্তনের জন্য এ ধরনের ঘটনা সমসাময়িক সময়ে ঘটেনি। এটি বিএনপি এবং তাদের মিত্র জামায়াত মিলে বাংলাদেশে ২০১৪ এবং ২০১৫ সালে ঘটিয়েছে।’ তিনি বলেন, ‘আমরা এত দিন ধরে বলে আসছিলাম বিএনপি সন্ত্রাসী সংগঠন। কানাডার ফেডারেল কোর্টের জাজমেন্টে সেই কথাটি উঠে এসেছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, বিএনপিকে সন্ত্রাসী সংগঠনের যে তকমা তারা পেয়েছে, এ থেকে পরিত্রাণের জন্য বিএনপির আমূল পরিবর্তন এবং তাদের নেতৃত্বে পরিবর্তন আনা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতাদের মধ্যে ফরিদুন্নাহার লাইলি, অসীম কুমার উকিল, আবদুস সোবহান গোলাপ, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।