বিএনপি নির্বাচনে পরাজয়ের হ্যাটট্রিক করবে: ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০১৮ সালের নির্বাচনে পরাজয়ের মধ্য দিয়ে বিএনপি পরাজয়ে হ্যাটট্রিক করবে।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আজ বুধবার ছয় দফা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে বিএনপি বলেছিল আওয়ামী লীগ ৩০ আসনও পাবে না। পরে বিএনপি ৩০ আসন পেয়েছিল। এবার ২০১৮ সালের নির্বাচনে কী হবে জানি না। তবে এটুকু জানি, বিএনপি পরাজয়ে হ্যাটট্রিক করবে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি ২০০১ সালের মতো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০১৮ সালের নির্বাচনের স্বপ্ন দেখলে তারা বোকার স্বর্গে বাস করছে। ২০১৮ সালের নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে।
গতকাল মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁদের কারাগারে রেখে আওয়ামী লীগ নির্বাচন করবে। বিএনপি মহাসচিবের এ বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আপনারা স্বাধীনতার পক্ষের শক্তি নন। আপনারা দেশকে অন্ধকারে নিয়ে গিয়েছিলেন। সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপনারা আইনের মাধ্যমে মামলা মোকাবিলা করে নির্বাচনে আসুন।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, দেশ সবদিক থেকে স্বয়ংসম্পূর্ণ। এর ধারাবাহিতা ধরে রাখতে বাংলাদেশের মানুষ আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে।
আলোচনা সভার সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত। এতে আরও বক্তব্য দেন সাবেক মন্ত্রী দীপু মনি, দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম প্রমুখ।