বিএনপি আগেই হেরে যায়: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জয়ের আগেই হেরে যায়। এটা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। সত্য ও সুন্দরের প্রতিযোগিতায় তারা অংশ নিতে পারে না।
গতকাল সোমবার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
সরকার নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রভাব বিস্তার করতে চাইছে—বিএনপির এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিয়েই হারার আশঙ্কায় থাকে। ভোটের শুরু থেকেই নানা অভিযোগ করতে থাকে। তারা (বিএনপি) নির্বাচনের আগেই নানা কথা বলে। পাঁচ সিটি নির্বাচনের আগেও তারা হেরে গিয়েছিল। তখনো তারা নানা অভিযোগ তুলেছিল।
চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের কবর সরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী যা বলেছেন, সেটাই সরকারের অবস্থান। এ নিয়ে তাঁর কোনো বক্তব্য নেই।
এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক ও আব্দুল মান্নান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে।