বিএনপি ২০১৩ সালের মতো আবারও জনগণের ওপর বোমা ও পেট্রলবোমা হামলা শুরু করেছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে প্রচার সম্পাদক হাছান মাহমুদ এ অভিযোগ করেন।
হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, হরতালের নামে এই অপশক্তি নিরীহ জনগণের ওপর হামলা চালাচ্ছে। তারা একজন স্কুলশিক্ষিকাকে হত্যা করেছে। পেট্রলবোমা নিক্ষেপ করে মা ও তাঁর পুত্র-কন্যাকে দগ্ধ করেছে। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর দল পথ হারিয়ে দেশবাসীকে অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে।
’৭১-এর মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির রায়ে আওয়ামী লীগ সন্তোষ প্রকাশ করেছে বলে জানান হাছান মাহমুদ। তিনি বলেন, যুদ্ধাপরাধী এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির আদেশ হওয়ায় জাতি কলঙ্কমুক্ত হয়েছে।