বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না: হানিফ
বিএনপির আর রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই। অতীত কর্মকাণ্ডের জন্য পৌর নির্বাচনেও জনগণ বিএনপিকে ভোট দেবে না।
গতকাল রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন। পৌর নির্বাচনের তথ্য জানাতে এবং সুপ্রিম কোর্ট মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে একাংশ) দ্বিবার্ষিক কাউন্সিলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের জবাব দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিএনপি ক্ষমতায় গেলে প্রশাসনের লোকদের চাকরি যাবে, এটা আওয়ামী লীগের অপপ্রচার—খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, ‘ওনাকে কে বলেছে, ওনারা ÿক্ষমতায় আসবেন? আমরা এইটুকু আশ্বস্ত করতে পারি, বাংলাদেশের জনগণ আপনার হিংস্র-দানবীয় রূপ আর দেখতে চায় না। আপনার রাষ্ট্রীয়ÿক্ষমতায় যাওয়ার সুযোগ আছে বলে বাংলাদেশের মানুষ মনে করে না। কারও চাকরি যাওয়া না-যাওয়া তো পরের কথা।’
হানিফ বলেন, ‘বিএনপির মূল লক্ষ্য হচ্ছে পৌর নির্বাচন প্রশ্নবিদ্ধ করা, নির্বাচন ভণ্ডুল করা। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বিএনপি উঠে-পড়ে লেগেছে।’ সংবাদ সম্মেলনে দলের নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দীপু মনি, আবদুর রাজ্জাক, বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুল মান্নান খান, আবদুস সোবহান গোলাপ, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, মোল্লা মো. আবু কাওছার প্রমুখ।