বিএনপি আর ধ্বংসাত্মক কর্মকাণ্ড করতে পারবে না: কামরুল

বিএনপি ভবিষ্যতে আর কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড করতে পারবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। আজ জাতীয় প্রেসক্লাবে আওয়ামী হকার্স লীগের মহান মে দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, ‘আমি বিশ্বাস করি তাদের (বিএনপি) যে শিক্ষা হয়েছে তাতে আর তারা এই পথে আসবে না। ভবিষ্যতে আর কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড করতে পারবে না।’ তিনি বলেন, আউটসোর্সিং ক্যাডার দিয়ে আন্দোলন ও নির্বাচন হয় না। নির্বাচন করতে হলে ত্যাগী কর্মী বাহিনী প্রয়োজন; যারা ঝুঁকি নিতে পারে। বিএনপির এগুলোর একটিও নাই। তাই অহেতুক ধ্বংসাত্মক কর্মকাণ্ড না করে ভবিষ্যতে শেখ হাসিনার অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আসার জন্য তাঁদের দল গোছানো উচিত।
সংগঠনের সভাপতি এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।