সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে যেতে চান না, আরেক দিকে বলেন, ফাঁকা মাঠে গোল দিতে দেবেন না। বিএনপি আসলে কী চায়, তা তারা নিজেরাও জানে না।
গতকাল শুক্রবার বেলা ১১টায় ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা চৌরাস্তায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
বিএনপি নেতা মওদুদ আহমদকে গুলশানের বাড়ি থেকে উচ্ছেদ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তিনি (মওদুদ) নিজের এবং খালেদা জিয়ার মামলা মোকাবিলা করে আইনি লড়াইয়ে হেরে গেছেন। আইনের লোক হয়ে আইন মানবেন না, দেশের মানুষকে কীভাবে আইন শেখাবেন। ঢাকা শহরে মওদুদ আহমদের তিনটি বাড়ি রয়েছে। তিনি ফুটপাতে শুয়ে থাকবেন, এটা মানুষ বিশ্বাস করবেন না।
ওবায়দুল কাদের বলেন, ‘আসন্ন ঈদে মহাসড়কে নিরাপত্তার জন্য ১০টি পয়েন্টে ৩০০ আনসার নিয়োগ ও ৫টি পয়েন্টে ৩টি করে ১৫টি আইপি ক্যামেরা বসানো হবে।’