বিএনপি আসলে কী চায়, প্রশ্ন ওবায়দুল কাদেরের
বিএনপি আসলে কী চায়, সেটা পরিষ্কার করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা একবার তত্ত্বাবধায়ক সরকার চায়। কখনো নিরপেক্ষ আবার কখনো চায় জাতীয় সরকার। বিএনপি আসলে কী চায়, জনগণের কাছে সেটা বড় প্রশ্ন। মনে হয় তারা নিজেরাও এর উত্তর জানে না। আজ রোববার সংসদ ভবন এলাকায় নিজ বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের কাছে এসব প্রশ্ন রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জনগণ বিএনপি নেতাদের দিকে তাকিয়ে আছে—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আসলে জনগণ তাঁদের দিকে তাকিয়ে নেই। জনগণ ভালো করেই জানে, টেমস নদীর ওপার থেকে নির্দেশনা আসার জন্য এই দলের নেতারা চাতক পাখির মতো তাকিয়ে থাকেন। যারা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ, এমনকি দলের চেয়ারপারসনের মুক্তির জন্য একটা মিছিলও বের করতে পারেনি, সেই দলের দিকে জনগণের তাকিয়ে থেকে লাভ নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
বিএনপি নেতাদের একেক সময় একেক রকম চাওয়া দেখে জনগণ বিভ্রান্ত বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, নেতিবাচক রাজনীতি করতে করতে বিএনপি এখন খাদের কিনারায়। দেশ ও জাতি ক্রান্তিকাল অতিক্রম করছে—বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ক্রান্তিকাল অতিক্রম করছে আসলে বিএনপি।
রাজপথে ফয়সালা হবে—বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, বিদেশে গোপন ষড়যন্ত্র বাদ দিয়ে বিএনপি রাজপথে আসুক ভালো কথা। তাদের যেকোনো শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে আওয়ামী লীগ স্বাগত জানায়। তবে তিনি হুঁশিয়ার করে বলেন, আন্দোলনের নামে আবারও জ্বালাও-পোড়াও করা হলে জনগণের জানমাল রক্ষায় সমুচিত জবাব দেওয়া হবে।
ওবায়দুল কাদেরের একটি বক্তব্যকে বিকৃতি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থ পাচারের কথা প্রচার করছেন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের নেতা তারেক রহমান দণ্ডিত ও পলাতক আসামি। তারেক রহমান ২২ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছেন। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্ত করে তা খুঁজে পেয়েছে।