বিএনপি ইউপি নির্বাচনে থাকছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন এখনই বর্জন না করে আপাতত নির্বাচনে থাকার পক্ষে মত দিয়েছেন বিএনপির বেশির ভাগ জ্যেষ্ঠ নেতা। গতকাল রোববার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে এ মতামত উঠে আসে। তবে নির্বাচনে থাকা বা বর্জন নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
বৈঠক সূত্র জানায়, আজ সোমবার বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করে এবং থানা পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ইউপি নির্বাচনের প্রথম দুই ধাপে অংশ নিয়েছে বিএনপি। দলটির অভিযোগ, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেন না। হুমকি-ধমকি দেন। কেন্দ্র দখল ও ভোট ডাকাতি করে জয় ছিনিয়ে নেওয়া হচ্ছে। এ অবস্থায় নির্বাচনে থাকা না থাকা নিয়ে দলের মধ্যে নানা আলোচনা তৈরি হয়। মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে দলীয় প্রধান নির্বাচন বর্জনের এক রকম সিদ্ধান্তই নিয়েছিলেন।
এরই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টামণ্ডলী, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে রাত পৌনে নয়টা থেকে প্রায় তিন ঘণ্টা বৈঠক চলে।
একাধিক সূত্র প্রথম আলোকে জানায়, বৈঠকে একটি মাত্র এজেন্ডা ছিল। তা হলো ইউপি নির্বাচনে বিএনপি থাকবে কি না। দলের নেতারা এ বিষয়ে নিজেদের মত ও যুক্তি দেন। নির্বাচনের থাকার পক্ষে-বিপক্ষে মত আসে, তর্ক-বিতর্ক হয়। তবে নির্বাচনে থাকার পক্ষেই বেশির ভাগ নেতা নিজেদের মত ও যুক্তি দেন। শেষ পর্যন্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিজেও এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেননি।
বৈঠকে থাকা একজন নেতা প্রথম আলোকে বলেন, ইউপি নির্বাচন বর্জন করা নিয়েও আলোচনা হয়েছে। তবে নির্বাচনে থাকার সম্ভাবনাই বেশি। সোমবার (আজ) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে। সূত্র জানায়, এ বৈঠকে দলের নেতাদের কাউকে মুঠোফোন নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। সবাই সভাস্থলের বাইরে মুঠোফোন রেখে সভায় অংশ নেন।