বিএনপি এই ইসির অধীনে নির্বাচনে আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির মানি না মানব না, ভাঙা রেকর্ড নির্বাচনের আগ পর্যন্ত চলবে। তবে শেষ পর্যন্ত তারা এই ইসির অধীনে নির্বাচনে আসবে। কারণ, তারা জানে আরেকবার তারা নির্বাচন বয়কট করলে বড় দল হিসেবে তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে।’
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার নওগাঁয় আয়োজিত স্মরণসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বিএনপি সব সময় অপপ্রচার চালিয়ে আসছে। এখন তারা নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে অপপ্রচার চালাচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার যে অর্জন তাতে ভোটের কোনো ঘাটতি হবে না। বিএনপিকে নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নেই। আওয়ামী লীগ যদি হারে, সেটা নেতাদের দোষে হারবে।’
নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও নওগাঁ-৫ (সদর) আসনের সাংসদ আবদুল মালেকের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।
মন্ত্রীর হেলিকপ্টারের জরুরি অবতরণ
সিরাজগঞ্জ প্রতিনিধি তাড়াশ থানা-পুলিশ ও এলাকাবাসীর বরাতে জানিয়েছেন, নওগাঁ যাওয়ার পথে ওবায়দুল কাদেরকে বহনকারী হেলিকপ্টারটি সিরাজগঞ্জে জরুরি অবতরণ করে। সকাল ১০টা ২০ মিনিটের দিকে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের খিরসিন আদিবাসীপল্লির একটি ফাঁকা জায়গায় হেলিকপ্টারটি অবতরণ করে। পরে ওবায়দুল কাদের স্থানীয় নেতা-কর্মীদের জানান, ঘন কুয়াশা, মেঘ এবং খারাপ আবহাওয়ায় দিক নির্ণয় করতে না পারায় পাইলট হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে বাধ্য হন।
৪০ মিনিট পর বেলা ১১টার দিকে পাইলট হেলিকপ্টারটি নিয়ে নওগাঁর উদ্দেশে রওনা হন।