বিএনপি এখন পরগাছা দল: হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছান মাহমুদ । ফাইল ছবি
হাছান মাহমুদ । ফাইল ছবি

বিএনপিকে পরগাছা রাজনৈতিক দল হিসেবে অভিহিত করলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, কোনো ইস্যু খুঁজে না পেয়ে খালেদা জিয়া এখন অন্যের ইস্যু হাইজ্যাক করার চেষ্টা করছেন। অন্যের ইস্যুকে হাইজ্যাক করে বিএনপি এখন পরগাছা দলে রূপান্তর হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে রামপাল নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের জবাব দিতে আয়োজিত সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘কোনো ইস্যু খুঁজে না পেয়ে খালেদা জিয়া এখন অন্যের ইস্যু হাইজ্যাক করার চেষ্টা করছেন। যারা এত দিন ধরে এই নিয়ে আন্দোলন করল, সেই তেল-গ্যাস ইস্যুকে খালেদা জিয়া এখন এটাকে আশ্রয় করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। অন্যের ইস্যুকে হাইজ্যাক করে বিএনপি এখন পরগাছা দলে রূপান্তর হয়েছে। পরগাছা যেমন অন্য গাছে জন্মায়। ঠিক তেমনি বিএনপি এখন অন্যের ইস্যু নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছে।’
বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে হাছান মাহমুদ বলেন, ‘নতুন করে গন্ডগোল পাকানোর চেষ্টা করবেন না। সরকার এবং আওয়ামী লীগ সেটার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।’
রামপাল নিয়ে আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়ে হাছান মাহমুদ বলেন, ‘আপনাদের উদ্বেগ-উৎকণ্ঠাকে আমরা স্বাগত জানাই। কিন্তু অতি উদ্বেগ-উৎকণ্ঠা কখনো ভালো নয়। ভুল তথ্যের ওপর ভিত্তি করে কোনো বক্তব্য রাখা জাতির জন্য সঠিক নয়, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সঠিক নয়। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, তাহলে দয়া করে সরকারের কাছে পেশ করুন, উপস্থাপন করুন। এমন কোনো পরিবেশ তৈরি করবেন না, যারা দেশকে জঙ্গি রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র রূপান্তর করতে চায়—তাদের হাতে হাতিয়ার তুলে দেবেন না।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম প্রমুখ।