বিএনপি এখন রাজনীতিতে উভয়সংকটে: কাদের
নেতিবাচক রাজনীতির কারণে জনগণ বিএনপিকে বারবার প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভোটের দিন জনরায় প্রত্যাখ্যান করা তাদের অপকৌশলের অংশ। সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে বিএনপি।
আজ সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভা ও অসহায় মানুষের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি অনেকের পছন্দ হয় না। এ দেশ সমৃদ্ধ হলে অর্থনীতির ভিত মজবুত হবে। কিন্তু তাতে অনেকর গায়ে জ্বালা ধরে। তারা আজও সক্রিয় নানান অপকৌশলে। এসব ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি সব অপচেষ্টা রুখে দিতে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ভোটারদের ওপর আস্থা হারিয়ে এখন প্রতিশোধ নিতে আগুন–সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বিএনপি। নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগ এনে মূলত বিএনপি নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের এই চেষ্টা হালে পানি পাবে না। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপির সব অপকৌশল এখন ভোঁতা হয়ে গেছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দেশ এখন উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিটি জনপদে উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে। বিএনপি নেতারা তা দেখতে না পেলেও জনগণ ঠিকই দেখতে পাচ্ছে। গণতন্ত্র এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করতে বিএনপিকে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন করতে আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন রাজনীতিতে উভয়সংকটে। একদিকে অপরাজনীতির জন্য জনগণের কাছে নিন্দিত, অন্যদিকে দলের ভেতরেও মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ সংকটে।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।