বিএনপি এলে দেশ পাকিস্তানি ধারায় চলে যাবে: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে ‘সাম্প্রদায়িক শক্তি’ হিসেবে অভিহিত করে বলেছেন, যদি তারা আরেকবার ক্ষমতায় আসে, তাহলে এক দিনেই বাংলাদেশ আবার পাকিস্তানি ধারায় চলে যাবে।

আজ শনিবার দুপুরে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে ‘মুক্তিযোদ্ধাদের অসম্মান ও দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করার প্রত্যয়’ শিরোনামে প্রতিনিধি সভা করেন মুক্তিযোদ্ধারা।

আজকের মুক্তিযোদ্ধা প্রতিনিধি সভায় দেশের বিভিন্ন জেলা থেকে মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। কয়েক হাজার মুক্তিযোদ্ধা এই সভায় অংশ নেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের বিকল্প বিএনপি “সাম্প্রদায়িক শক্তি” যদি আরেকবার ক্ষমতায় আসতে পারে, বাংলাদেশে এক দিনেই রক্তের নদী বয়ে যাবে। সন্ত্রাসের লীলাভূমিতে পরিণত হয়ে যাবে।’

কাদের বলেন, বাংলাদেশে ২০০১ সালের নীলনকশার নির্বাচনের স্বপ্ন আর সফল হবে না।

মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘২০০১ সাল মার্কা নির্বাচন যাতে না হতে পারে, আগুন-সন্ত্রাসের চ্যালেঞ্জ মোকাবিলা করতে যাতে না হয়, সে কারণে শেখ হাসিনা ছাড়া আমাদের আর কোনো আস্থার ঠিকানা নেই।’ তিনি আরও বলেন, ‘বিএনপি যদি আর একবার ক্ষমতায় আসে, কী হবে বুঝতে পারেন? ২০০১ সালের চেয়েও ভয়াবহ পরিস্থিতি হবে বাংলাদেশে। বিএনপি যদি এক দিনের জন্য ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশে লাশের পাহাড় হয়ে যাবে।’

২০০১ সালে বিএনপির নির্যাতনের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এবারের বিএনপি ২০০১ সালের চেয়েও ভয়াবহ বিএনপি। এই বিএনপি আপনাদের-আমাদের বাড়িছাড়া করবে। মনে কি আছে, গ্রামছাড়া আওয়ামী লীগের কর্মীরা এই বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বছরের পর বছর লঙ্গরখানায় দুঃসহ জীবন যাপন করেছে? মনে কি আছে, বরিশাল, ভোলায়, গোপালগঞ্জে দলের কত নেতা-কর্মী দুর্বিষহ জীবন যাপন করেছে? দুর্বিষহ জীবন যাপন করেছে এ দেশের সংখ্যালঘুরা।’

ষড়যন্ত্র ঠেকানোর আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সব ষড়যন্ত্র ঠেকাতে হবে। বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করতে হবে। মুক্তিযোদ্ধাদের আগামী জাতীয় নির্বাচনে সম্পূর্ণভাবে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

মুক্তিযোদ্ধা প্রতিনিধি সভার সভাপতি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরেন।

মন্ত্রী শাজাহান খান বলেন, মেধার ভিত্তিতে চাকরি দেওয়া হলেও জামায়াত-শিবির, যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের সন্তান যেন সরকারি চাকরিতে নিয়োগ না পায়, এটি নিশ্চিত করতে হবে। জামায়াত-শিবির ও স্বাধীনতাবিরোধী যারা সরকারের ভেতরে থেকে মুক্তিযুদ্ধবিরোধী কার্যক্রম চালাচ্ছে, তাদের চিহ্নিত করে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। যুদ্ধাপরাধীদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ও জামায়াত-শিবির দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানগুলো বাজেয়াপ্ত করে সরকারের অনুকূলে নিতে হবে। মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুণ্নকারী, মুক্তিযুদ্ধ ও শহীদদের নিয়ে কটাক্ষকারীদের দেশদ্রোহী হিসেবে বিচারের ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, ২০০১, ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের তাণ্ডবের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কোটা সংস্কারের নামে অগ্নিসংযোগ, নাশকতা, অরাজকতা, নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টিকারীদের চিহ্নিত করে তাদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, জাসদের একাংশের সাধারণ সম্পাদক শিরিন আকতার প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।