বিএনপি ঐক্যের নামে সরকার হটাতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা চাই জাতীয় ঐক্য, জনগণের ঐক্য। বিএনপি আজ যে ঐক্য চায়, সেটি ঐক্য নয়, তাদের ঐক্যের প্রধান লক্ষ্য হচ্ছে সরকার হটানো। বিএনপি ঐক্যের নামে সরকার হটাতে চায়। এই মুহূর্তে যে ঐক্য দরকার, তা হলো সাম্প্রদায়িক উগ্রবাদ হটানোর ঐক্য।’
গতকাল শনিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্ত ও দরিদ্র ব্যক্তিদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘পরবর্তী নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে আপনারাও প্রস্তুত হোন। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হতে পারে। অন্য কোনো উপায়ে সরকার পরিবর্তন হওয়ার সুযোগ নেই।’ তিনি আরও বলেন, ‘হুমকি-ধমকিকে আমরা ভয় পাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্যের মাধ্যমে জনগণকে নিয়ে উগ্রবাদ প্রতিরোধ করব।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, এসপি মো. ইলিয়াছ শরীফ, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, ইউএনও মোহাম্মদ ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান ও সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী।